


বার্বাডোজ, ১৭ জুলাই: প্রয়াত ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্স। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। এই খবরে বিশ্ব ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে। সোবার্সের মৃত্যুর খবরের সত্যতা নিয়ে প্রথমে সংশয় তৈরি হলেও পরে তা স্বীকার করেন তাঁর ছেলে। ক্রিকেট বিশেষজ্ঞদের দাবি, গ্যারির হাত ধরেই আধুনিক ক্রিকেটের সংজ্ঞা আমূল পালটে গিয়েছিল। তিনি ছিলেন দুর্দান্ত অলরাউন্ডার। বাঁহাতি বোলার এবং ব্যাটসম্যান হিসেবে তাঁর জুড়ি মেলা ভার। অনবদ্য ফিল্ডিংয়ের মাধ্যমেও নজর কেড়েছিলেন তিনি। প্রয়াত কিংবদন্তি ধারাভাষ্যকার তথা প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিচি বেনো তাঁকে বিশ্ব ক্রিকেটে সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে আখ্যায়িত করেছিলেন। ১৯৫৪-১৯৭৪ সালের মধ্যে ক্যারাবিয়ানদের হয়ে মোট ৯৩টি টেস্ট খেলেন সোবার্স। গড় ৫৭.৭৮। করেছেন ৮০৩২ রান। নিয়েছেন ২৩৫টি উইকেটও। আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসি থেকে বার্ষিক সেরা ক্রিকেটারকে একটি পুরস্কার দেওয়া হয়। সোবার্সের প্রতি সম্মান জানিয়ে তার নাম রাখা হয়েছে স্যার গারফিল্ড সোবার্স ট্রফি।
উল্লেখ্য, ১৯৩৬ সালের ২৮ জুলাই বার্বাডোজে জন্ম নেওয়া সোবার্স মাত্র ১৬ বছর বয়সেই প্রথম শ্রেণীর ক্রিকেটে ডেব্যু করেন। তাঁর অসাধারণ প্রতিভা খুব কম সয়ের মধ্যেই তাঁকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের আন্রর্জাতিক দলে জায়গা করে দেয়। এরপর ১৯৫৪ সালে টেস্ট ক্রিকেটে তাঁর অভিষেক। সাবিনা পার্কের স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেন তিনি। এরপর ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে কিংস্টনের ম্যাচে তাঁর অপরাজিত ৩৬৫ রানের ইনিংস বিশ্বরেকর্ড তৈরি করে। যা প্রায় ৩৬ বছর অক্ষুন্ন ছিল। পরে ১৯৯৪ সালে তা ভাঙেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটরা ব্রায়ান লারা। শেষে ১৯৭৪ সালে মাত্র ৩৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন সোবার্স।