


বুয়েনস আইরেস: বড় টুর্নামেন্টের আগে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ খেলার চেয়ে বিকল্প কিছু হতে পারে না। তবে আসন্ন বিশ্বকাপের আগে সেই সুযোগ পাচ্ছেন না মেসি-আলভারেজরা। ফিনালিসিমা বাতিল হওয়ায় আগেই স্পেন বনাম আর্জেন্তিনা দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত হয়েছেন ফুটবল অনুরাগীররা। এমনকী, বিশ্বকাপের আগে শেষ ফিফা উইন্ডোতে নিদেনপক্ষে কোনো ইউরোপের দলের বিরুদ্ধে ম্যাচ খেলার সুযোগ পেল না লায়োনেল স্কালোনি ব্রিগেড। শুক্রবার (ভারতীয় সময় শনিবার ভোররাতে) ফিফা র্যাংকিংয়ে ১১৫তম স্থানে থাকা অনামী মৌরিতানিয়ার বিরুদ্ধে খেলবেন মেসিরা। স্বাভাবিকভাবেই প্রতিপক্ষ চয়ন নিয়ে ফুটবল অ্যাসোসিয়েশন কর্তাদের উপর বেজায় ক্ষুব্ধ গোটা দল। মৌরিতানিয়ার মতো দলের বিরুদ্ধে নিজেদের কতটা উজ্জীবিত করতে পারবেন ফুটবলাররা, তা নিয়েও থাকছে সংশয়। শুধু তাই নয়, তিনদিন বাদে আফ্রিকার অপর দেশ জাম্বিয়ার মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যাদের ফিফা র্যাংকিং ৯১। এই দু’টি ম্যাচ খেলেই বিশ্বকাপের প্রস্তুতি সারতে হবে ২০২২ বিশ্বচ্যাম্পিয়নদের।
এদিকে, বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে ফিফা ফ্রেন্ডলিতে উরুগুয়ের মুখোমুখি হবে ইংল্যান্ড। আসন্ন কাপযুদ্ধে এবার অন্যতম ফেভারিট হ্যারি কেনরা। পাশাপাশি শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে উরুগুয়েও নিজেদের ঝালিয়ে নিতে চাইবে। দিনের অপর ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হবে স্পেন। আর সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে জার্মানি। অপর এক ম্যাচে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ নরওয়ে। উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের মূলপর্বে যোগ্যতা অর্জন করেছে নিশীথ সূর্যের দেশটি। তাই তাদের ঘিরে প্রত্যাশার পারদ বাড়ছে। তাই মূল লড়াইয়ে নামার আগে আগামী দু’টি প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিতে চান হালান্ড-ওডেগার্ডরা।