


অম্বরীশ চট্টোপাধ্যায়, কলকাতা: যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডের ঠিক পাশেই হকির নতুন অ্যাস্ট্রোটার্ফ স্টেডিয়াম। শনিবার বিকেলে অনুশীলন সেরেই হকি লিগের ফাইনাল দেখতে গ্যালারিতে উপস্থিত মেহতাব সিং। ইস্ট বেঙ্গলকে হারিয়ে মোহন বাগান চ্যাম্পিয়ন হতেই বেজে উঠল ‘চক দে ইন্ডিয়া।’ ভিআইপি গ্যালারিতে বসা পাঞ্জাবি ডিফেন্ডার মুষ্টিবদ্ধ হাত শূন্যে ছুড়ে বলে উঠলেন, ‘আজ হকি মে জিতা, কাল পাঞ্জাব ম্যাচ ভি জিতেঙ্গে।’ উল্লেখ্য, রবিবার যুবভারতীতে পাঞ্জাব এফসি’র বিরুদ্ধে আইএসএলের লড়াইয়ে নামবে মোহন বাগান। তার আগে মেহতাবদের এই আত্মবিশ্বাস কাজে লাগাতে চান কোচ সের্গিও লোবেরা। গত ৩টি ম্যাচে ৭পয়েন্ট খুইয়েছে পালতোলা নৌকা ব্রিগেড। সেই ব্যর্থতা ভুলে ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া মনবীর, লিস্টনরা। লিগ টেবিলে সপ্তম স্থানে রয়েছে পাঞ্জাবের দলটি। তবু প্রতিপক্ষকে গুরুত্ব দিচ্ছেন স্প্যানিশ কোচ। সাংবাদিক সম্মেলনে লোবেরার মম্তব্য, ‘ওদের সব ম্যাচ দেখেছি। খুব ভালো ফুটবল খেলছে। তাই আমার দলের ফুটবলারদের বলেছি, ৯০ মিনিট মনঃসংযোগ বজায় রাখা জরুরি। যে কোনও মূল্যেই জয়ের পথে ফিরতে হবে।’
বৃহস্পতিবার হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন আপুইয়া। তা বেশ গুরুতর। তাই পাঞ্জাবের বিরুদ্ধে তাঁকে পাবেন না লোবেরা। সেই জায়গা ভরাট করার দায়িত্ব এখন দীপক টাংরির কাঁধে। এদিন বিকেলে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্লকার পজিশনে তাঁকে ঝালিয়ে নিলেন লোবেরা। তবে এই দলের প্রধান সমস্যা খেলা তৈরির লোক নিয়ে। এই মোহন বাগানে গ্রেগ স্টুয়ার্টের মত প্লে-মেকারের বড়ই অভাব। তবে লোবেরা সে কথা মানতে নারাজ। তাঁর বক্তব্য, ‘আমরা গোলের সুযোগ তৈরি করছি। তাই মিডফিল্ডার নিয়ে কোনও সমস্যা নেই। তবে লক্ষ্যভেদে নৈপুণ্য আরও বাড়াতে হবে।’ পাশাপাশি সেটপিস কাজে লাগানোর কথাও বলছেন স্প্যানিশ কোচ। গত ৩টি ম্যাচে একাধিক কর্নার পেয়েও গোল করতে ব্যর্থ টম আলড্রেড- আলবার্তোরা। এই প্রসঙ্গে লোবেরার মন্তব্য, ‘এটা ঠিক যে, গত ম্যাচগুলোতে সেটপিস কাজে লাগাতে পারিনি। অনুশীলনে এই ভুল মেরামত করার চেষ্টা চলেছে। আশা করছি, পাঞ্জাব ম্যাচেই এর সুফল পাওয়া যাবে।’
এদিন যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে ৪৫ মিনিটের প্রস্তুতি সারল মোহন বাগান। বল পজেশন দখলে রেখে উইং প্লে’র উপরে জোর দিয়েছেন বাগান কোচ। এরপর মিনিট ১৫ সেটপিসের মহড়া সেরে নিলেন দিমি, ম্যাকলারেনরা। তবে প্রথম একাদশ নিয়ে ধোঁয়াশা রেখেই দিলেন স্প্যানিশ কোচ। রবিবার প্রথম একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। প্রতিপক্ষ পাঞ্জাব কতটা ওজনদার? মাঝারিমানের দলটির ৬ ম্যাচে ১১ পয়েন্ট। দুই নাইজেরিয়ান স্ট্রাইকার ওসুজি ও এফং বেশ বিপজ্জনক। এফংয়ের গোলসংখ্যা ৫। তাই মোহন বাগান রক্ষণকে সতর্ক থাকতে হবে।
দিনের অপর ম্যাচে কিশোর ভারতী স্টেডিয়ামে ইন্টার কাশীর মুখোমুখি হবে মহমেডান স্পোর্টিং। উল্লেখ্য, লিগে টানা ৬ ম্যাচ হেরে অবনমনের আওতায় রয়েছে সাদা-কালো ব্রিগেড। তাই রবিবার জিততে মরিয়া তারা।
যুবভারতীতে ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০।
সম্প্রচার সোনি স্পোর্টস চ্যানেলে।