


লখনউ: যোগীরাজ্যে বিশ্ববিদ্যালয় চত্বরে নামাজ পড়া নিয়ে শোরগোল তুঙ্গে উঠল। লখনউ বিশ্ববিদ্যালয় চত্বরে রয়েছে লাল বারাদারি মসজিদ। ব্যবহারের অযোগ্য জানিয়ে সম্প্রতি তা সিল করে দিয়েছে কর্তৃপক্ষ। প্রতিবাদে রবিবার বিকেলে সেখানে নামাজ পড়েন কয়েকজন পড়ুয়া। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ১৩ পড়ুয়াকে নোটিস দিলেন হাসানগঞ্জের এগজিকিউটিভ ম্যাগিস্ট্রেট। সোমবার নামাজ পড়ার ঘটনা নিয়ে চালান রিপোর্ট দিয়েছিল হাসানগঞ্জ থানা। তার ভিত্তিতেই নোটিস দেওয়া হয় বলে জানা গিয়েছে। নোটিসে প্রত্যেক পড়ুয়াকে আদালতে হাজিরার পাশাপাশি ৫০ হাজার টাকার দুটি করে- মোট এক লক্ষ টাকার বন্ড দিতে বলেছেন দায়রা বিচারক। এদিকে ‘শুদ্ধিকরণ’-এর নামে ছাত্র সংগঠন এবিভিবি ও বজরং দলের কর্মসূচি ঘিরে রীতিমতো বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে। ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়ে ক্যাম্পাসে ঢুকে পড়েন এবিভিপি কর্মী-সমর্থকরা। মসজিদের সামনে বসে হনুমান চালিসা পাঠ করতে থাকেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকজনকে আটক করে পুলিশ।