


নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বুধবার সন্ধ্যায় নিউটাউনের ডাউনটাউন মলের ভিতর দুই বন্ধুকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠেছিল এক সহপাঠীর বিরুদ্ধে। অভিযুক্ত সৌরিক পালকে গ্রেপ্তার করেছে টেকনোসিটি থানার পুলিশ। জখম দুই বন্ধু ও অভিযুক্ত— তিনজনেই ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া। কিন্তু, কেন এই হামলা? এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত ছাত্র জেরায় পুলিশকে জানিয়েছে, তাকে নিয়ে রসিকতা করেছিল দুই বন্ধু। তাঁর মুখের আকৃতি নাকি ভালো নয়, প্লাস্টিক সার্জারি করা হয়েছে— এমনই সব রসিকতা! তা নিয়ে বচসা হতেই রাগের মাথায় ছুরি দিয়ে ঈশান পাইন ও মিলন মণ্ডলকে কুপিয়েছে সৌরিক।
যদিও সে সত্যি বলছে, নাকি ঘটনাটি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে, তা খতিয়ে দেখছে পুলিশ। দ্বিতীয়ত, মলের ভিতর বসে গল্প করার সময় এই ঘটনা ঘটেছে। পুলিশের প্রশ্ন, সৌরিকের ব্যাগে ছুরি এল কোথা থেকে? আগে থেকেই তার ব্যাগে ছুরি রাখা ছিল। অর্থাৎ, সে হামলার পরিকল্পনা করেই এসেছিল বলে অভিযোগ। কারণ, চেহারা নিয়ে রসিকতায় হঠাৎ মাথা গরম হলে তা থেকে বড়োজোর হাতাহাতি হতে পারে। তাই বলে কুপিয়ে খুনের চেষ্টা? প্রসঙ্গত, বৃহস্পতিবার ধৃত সৌরিককে বারাসত জেলা আদালতে পেশ করা হয়েছিল। তাকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।