


সংবাদদাতা, মানবাজার: রাজবাড়ির ২৫০ বছরের বেশি রথযাত্রায় মাতে পুরুলিয়ার মানবাজারবাসী। এনিয়ে গত কয়েকদিন ধরেই সেখানকার মানুষজনের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এলাকার মানুষজন রথের দিনটির জন্য তাকিয়ে রয়েছেন। জানা গিয়েছে, মানবাজার পাথরমহড়ার রাজবাড়ির রথ ২৫০ বছরের বেশি পুরনো। প্রতিবছর পাথরমহড়ার রাজবাড়ির গড় থেকে রথযাত্রা বের হয়। শহরের পথে সেই রথ পৌঁছয় মানবাজার হাটতলার মাসির বাড়ি। রথে চেপে জগন্নাথদেব, বলরাম, সুভদ্রা হাটতলার মাসির বাড়ি যান। ন’দিন পর আবার ফিরে আসেন মানবাজারের পাথরমহড়ায়। রথের দিন সেখান থেকে হাটতলা পর্যন্ত লাইন দিয়ে মানুষ দাঁড়িয়ে থাকেন। প্রাচীন রথ যাত্রার ঐতিহ্য দেখতে মুখিয়ে থাকেন অনেকেই। রথের দড়ি ধরে একবার টান দিতেও উৎসুক থাকেন মানুষজন।