


নয়াদিল্লি: সংসদ হামলা, মুম্বই ২৬/১১, পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলা, পুলওয়ামা বিস্ফোরণ— ভারতে একের পর এক নাশকতার অন্যতম মাস্টারমাইন্ড মাসুদ আজহার। কিন্তু, নয়াদিল্লির মোস্ট ওয়ান্টেড লিস্টে থাকা জয়েশ-ই-মহম্মদের প্রতিষ্ঠাতা এখন কোথায়? ভারত বিরোধী জঙ্গি সংগঠনের ‘স্বর্গরাজ্য’ পাকিস্তানের দাবি, আফগানিস্তানেই লুকিয়ে রয়েছে মাসুদ। কিন্ত, ইসলামাবাদের সেই দাবি উড়িয়ে দিয়েছে তালিবান প্রশাসন। তারা সাফ জানিয়েছে, আফগানিস্তানের মাটিকে কোনোভাবেই অন্যদেশে নাশকতা চালানোর জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। এর আগেও একাধিকবার পাকিস্তান এই দাবি তুলেছিল। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এপ্রসঙ্গে তালিবান মুখপাত্র সরাসরি ইসলামাবাদকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। জানান, মাসুদ আফগানিস্তানে নেই। পাকিস্তান এমন দাবি করলেও সেই সংক্রান্ত কোনো তথ্য বা হালহদিশ প্রশাসনকে দেয়নি। রাষ্ট্রসংঘের ঘোষিত জঙ্গির তালিকাতেও নাম রয়েছে মাসুদের। ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা ওই জঙ্গি পাকিস্তানেই রয়েছে বলে খবর। যদিও তা খারিজ করে দিয়েছে ইসলামাবাদ। তবে এবারও সেই তত্ত্বের সপক্ষে কোনো প্রমাণ বা তথ্য হাজির করতে পারেনি।