


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা থেকে ১৩,১৩৮ কিলোমিটার দূরে আমেরিকার কনসাস সিটি। কিন্তু আজ সকাল সাড়ে ছ’টা থেকে কনসাস সিটি এবং কলকাতা মিলেমিশে এক হয়ে গেল। সৌজন্যে ৩৯ বছর বয়সের এক বাঁ পায়ের জাদুকর। লিওনেল মেসি। বিশ্ব ফুটবলের এই মহাতারকায় মজেছে আট থেকে আশি। আজ কনসাস সিটিতে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করল আর্জেন্টিনা। যার আঁচ এসে পড়ল কলকাতার গাঙ্গুলি বাগানের অরুণাচল ক্লাবের মাঠে। বিশাল জয়েন্ট স্ক্রিন বসানো হয়েছে এই মাঠে। আর্জেন্টিনা ফ্যান ক্লাব গোটা মাঠ সাজিয়ে তুলেছে মেসি ও নীল সাদা জার্সির থিমে। এক ঝলক দেখলে মনে হতেই পারে এই মাঠ কলকাতায় নয়, বুয়েনস এয়ারসের কোন পাড়ায়। আজ বুধবার, অফিসের দিন। খেলা শেষ হতে হতে প্রায় সকাল সাড়ে আটটা। তাতে কী, মাঠে মেসি খেলছে যে! একদিন না হয় মেসির জন্য অফিসে একটু লেট হল। ফলে কয়েকশো আর্জেন্টিনা সাপোর্টার সব কাজ ভুলে মন্ত্রমুগ্ধের মত তাকিয়ে থাকলেন বিশাল জায়েন্ট স্কিনের দিকে। আর এইসব ভক্তদের নিরাশ না করে বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুরন্ত হ্যাটট্রিক করলেন ফুটবলের জাদুকর।
একদিকে চলছে খেলা অন্যদিকে চলছে যজ্ঞ। সকালে কালীঘাটে পুজো দিয়ে আসেন আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সদস্যরা। আর ম্যাচ চলাকালীন প্রিয় দল এবং প্রিয় ফুটবলারের সাফল্য কামনায় চলল হোম যজ্ঞ। ম্যাচে মেসি যেমন একের পর এক গোল করতে থাকলেন আর তেমনই যজ্ঞের আগুনের তেজও বাড়তে থাকল।
মেসি ভক্তরা মাঠের একপাশে তৈরি করেছেন ট্রফি ক্যাবিনেট। এখনো পর্যন্ত দেশ এবং ক্লাবের হয়ে মোট ৪৮ ট্রফি জিতেছেন লিওনেল মেসি। আর মেসি ফ্যান ক্লাবের তৈরি এই অস্থায়ী ক্যাবিনেটে জায়গা পেয়েছে সেই ৪৮ টি ট্রফির রেপ্লিকা। যার মধ্যে রয়েছে ২০২২-এ জেতা ওয়ার্ল্ড কাপ ট্রফিও।