


কোচি, ২৬ অক্টোবর: কেরল সফরে আসছেন না লায়োনেল মেসি। ফলে সেখানে অস্ট্রেলিয়ার সঙ্গে পূর্ব নির্ধারিত ম্যাচটি আপাতত স্থগিত করা হয়েছে। গতকাল, শনিবার এমনটাই আনুষ্ঠানিকভাবে জানালেন আয়োজকরা। কোচির জহওরলাল নেহেরু স্টেডিয়ামে আগামী ১৭ নভেম্বর অস্ট্রেলিয়ার সঙ্গে ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্তিনার জাতীয় দলের। সেই দলের সঙ্গেই যোগ দিতে কেরলে আসার কথা ছিল মেসির। কিন্তু ফিফার তরফে সম্মতি পেতে দেরি হওয়ায় পুরো পরিকল্পনা ভেস্তে গিয়েছে। এমনটাই জানিয়েছেন আয়োজকরা।
তবে কেরলে এই ফ্রেন্ডলি ম্যাচটি হবে অস্ট্রেলিয়ার জাতীয় ফুটবল দলের সঙ্গে। ফিফার তরফে পরবর্তী নির্দেশ আসার পরেই কেরলে ফুটবল ম্যাচ খেলতে আসবেন এলএম ১০। তবে চলতি বছরের ডিসেম্বর মাসে ভারতে আসছেন ফুটবলের রাজপুত্র। দিল্লি, কলকাতা ও মুম্বইতে সফর রয়েছে মেসির। এর আগে ২০১১ সালে কলকাতায় এসেছিলেন তিনি। তখন সল্টলেক স্টেডিয়ামে ভেনিজুয়েলার সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে দেখা গিয়েছিল মেসিকে।