


সিডনি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। টি-২০ বিশ্বকাপ ফাইনালের জন্য উত্তেজনায় ফুটছে আমেদাবাদ। মহারণে কে কাকে টেক্কা দেবে? বিশ্বজুড়ে চর্চার শেষ নেই। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্কের মতে, ভারতই ফেভারিট। তাঁর দৃঢ় বিশ্বাস, যশপ্রীত বুমরাহ ম্যাচে ব্যবধান গড়ে দেবেন। প্রাক্তন অজি তারকা বলেন, ‘বুমরাহর বোলিংয়ে দারুণ বৈচিত্র রয়েছে। চাপের মুখেও পরিকল্পনার সফল বাস্তবায়নে দক্ষ। এই গুণই ওকে বিশ্বের সেরা করে তুলেছে। ফাইনালে ও ম্যাচের সেরা হলে অবাক হব না।’
সেমি-ফাইনালে বুমরাহই ছিলেন গেম চেঞ্জার। ১৮তম ওভারে তাঁর মাস্টারক্লাসেই আটকে যায় ইংল্যান্ড। ফাইনালে তাই বুমবুমকে নিয়ে রীতিমতো সতর্ক নিউজিল্যান্ড শিবির। এই প্রসঙ্গে মাইকেল ক্লার্ক বলেন, ‘চলতি বিশ্বকাপে বুমরাহকে নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। কারণ, ওর থেকে আমরা এমন পারফরম্যান্সই আশা করি। ও বিস্ময়কর প্রতিভা। তিন ফরম্যাটেই এমন একজন ম্যাচ উইনার, যে চাপের মুখে সেরাটা মেলে ধরতে জানে। যেমন রান আটকায়, তেমন উইকেটও নেয়। ওকে কীভাবে ব্যবহার করবে, তা ঠিক করা ক্যাপ্টেনের কাছে বড় চ্যালেঞ্জ।’ সেই সঙ্গে তিনি যোগ করেন, ‘আমার মতে, ফাইনালে ভারতই ফেভারিট। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত ক্রিকেট মেলে ধরেছে ওরা। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধেও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা কম।’