


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বি এড কলেজের অনুমোদন পাইয়ে দেওয়ার নামে টাকা তুলছে যারা সেই দালালদের থেকে সাবধান করে বুধবারই বিজ্ঞপ্তি দিয়েছিল বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। এবার প্রায় সেই পথে হাঁটল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। শিক্ষক-শিক্ষাকর্মীদের বদলি করিয়ে দেওয়ার নাম করে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা তাঁদের সঙ্গে যোগাযোগ করে অনৈতিক প্রস্তাব দিচ্ছে। এমন অভিযোগ পেয়েই নড়েচড়ে বসে কমিশন। তারা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, নিয়মবিধি মেনে বদলির আবেদন করা শিক্ষক-শিক্ষাকর্মীদের সঙ্গে এই ব্যক্তিরা যোগাযোগ করছে। এদের সঙ্গে কমিশনের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক নেই। বদলি হবে বিধি মেনেই। এরকম কোনো প্রস্তাব কারও কাছ থেকে পেলে শিক্ষক-শিক্ষাকর্মীরা যেন পুলিশ, দুর্নীতিদমন শাখা এবং কমিশনে অভিযোগ জানান। এও বলা হয়েছে, জরুরিকালীন বদলির ক্ষেত্রে কমিশন শুধুমাত্র সুপারিশকারী সংস্থা হিসাবে কাজ করে। চূড়ান্ত অনুমোদন দেয় মধ্যশিক্ষা পর্ষদ।
প্রসঙ্গত, পূর্বতন জমানায় বদলির নামে লাখ লাখ টাকা ওড়ার অভিযোগ উঠত প্রায়ই। তবে, এর পিছনে থাকা বড়ো চাঁইরা আড়ালেই রয়ে গিয়েছে বলে ওয়াকিবহাল মহলের দাবি। সেই ব্যক্তিরাই ফের সক্রিয় হয়ে উঠেছে বলেও একাংশের মত। কমিশনের সদস্য হিসাবে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের এনে স্বচ্ছতার বার্তা দেওয়ার চেষ্টা করেছে সরকার। এর মধ্যে এই অভিযোগ ওঠায় স্পষ্টতই বিব্রত কমিশন।
অন্যদিকে, এদিন ফের এডুকেশন ইউনিভার্সিটি বিজ্ঞপ্তি দিয়ে ছাত্র ভরতির অনুমোদন পাওয়া ১৭৫টি বি এড কলেজের তালিকা প্রকাশ করেছে। সেগুলিতে কোন পরিকাঠামো এবং পরিষেবা আবশ্যিক, তাও উল্লেখ করে দিয়েছে। যে নিয়মগুলি মেনে চলতে হবে, তাও স্পষ্ট করা হয়েছে নির্দেশে। তবে, বাকি কতগুলি কলেজ, কবে ছাত্র ভরতির অনুমোদন পাবে, এই নিয়ে আগ্রহ তুঙ্গে প্রতিষ্ঠানগুলির মধ্যে।