


সংবাদদাতা, রামপুরহাট: কৌশিকী অমাবস্যায় ব্যাপক ভিড়ে মোবাইল পরিষেবা বিপর্যস্ত হল। সঙ্গীদের খোঁজে রীতিমতো কালঘাম ছুটল দুরদূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের। কথা বলাই দায় হয়ে ওঠে। নেট পরিষেবা তো দূরের কথা। কল ড্রপের সমস্যায় তিতিবিরক্ত অবস্থা। পুণ্যার্থীদের সঙ্গে জেরবার হলেন জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তারা। প্রশাসনের হিসেব অনুযায়ী, কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে শুক্র ও শনিবার বামাক্ষ্যাপার সাধনাস্থল তারাপীঠে প্রায় পাঁচ লক্ষ মানুষের সমাগম হয়েছে। এমনিতেই এখানকার মোবাইল পরিষেবা অনুন্নত বলে অভিযোগ বাসিন্দাদের। তার উপর এত ভিড়ে ভুগতে হল লক্ষ লক্ষ পর্যটককে। অনেকেই বাড়ির বয়স্কদের ভিডিও কল করে তীর্থক্ষেত্র দর্শন করানোর চেষ্টা করেন। কিন্তু নেটওয়ার্কের সমস্যায় ভোগান্তির শিকার হতে হল। একইভাবে ফোনকলে যোগোযোগের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হল। এলাকার বাসিন্দাদের অভিযোগ, ভক্ত সমাগম বেশি হলেই তীর্থভূমিতে মোবাইল পরিষেবা ঠিকমতো মেলে না। ফি-বছর কৌশিকী অমাবস্যায় লক্ষ লক্ষ মানুষ আসেন। গত ৬আগস্ট প্রস্তুতি নিয়ে প্রশাসনিক বৈঠকে মোবাইল পরিষেবা না পাওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা হয়। কিন্তু কোনও প্রতিকারের প্রতিফলন দেখা গেল না। অভিযোগ, কখনও নেটওয়ার্ক থাকলেও ফোনকল করা যায়নি। কখনও আবার কলড্রপ হতে থাকে। কখনও আবার ‘ওয়ান ওয়ে’ হয়ে যায়। অপর প্রান্তে থাকা ব্যক্তি কথা শোনা যাচ্ছিলনা। অসমের বাসিন্দা বিমল শর্মা বলেন, স্মার্টফোনে ইন্টারনেটের প্রয়োজন সবচেয়ে বেশি। ফোন, ভিডিও কল বা হোয়াটসঅ্যাপে কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি। যোগাযোগের ক্ষেত্রে চূড়ান্ত অব্যবস্থার মধ্যে পড়তে হয়েছে। মোবাইল পরিষেবা নিয়ে ক্ষুব্ধ তারাপীঠের ব্যবসায়ীরাও। তাঁদের অনলাইন লেনদেনের ক্ষেত্রে অসুবিধায় পড়তে হচ্ছে। হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীল গিরি বলেন, এখন আর কেউ পকেটে টাকা নিয়ে ঘোরে না। পর্যটকদের অনেকেই নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করেন। কিন্তু নেট পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যায় পড়তে হয় তাঁদের। হোটেল ছাড়ার পরও শুধুমাত্র পেমেন্ট করার জন্য লবিতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তাঁদের।
মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, মোবাইল পরিষেবা স্তব্ধ হয়ে গিয়েছিল। প্রশাসনিক বৈঠকে এনিয়ে আলোচনা হলেও কোনও উন্নতি হয়নি। তারাপীঠ এখন আন্তজার্তিক মানের পর্যটন কেন্দ্র। কিন্তু মোবাইল পরিষেবা অনুন্নত। মানুষ বিপদে পড়ছে। কেউ অসুস্থ হলে বা হারিয়ে গেলে পুলিস বা অ্যাম্বুলেন্সের সঙ্গে যোগাযোগ করার উপায় থাকছে না। কৌশিকী অমাবস্যায় তারাপীঠের মোবাইল পরিষেবা মানুষকে দারুণভাবে সমস্যায় ফেলেছে। টিআরডিএর চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, প্রায় পাঁচ লক্ষের বেশি মানুষ এসেছে। সুষ্ঠুভাবে কৌশিকী অমাবস্যা তিথি সম্পন্ন হয়েছে। পুলিস, প্রশাসনিক আধিকারিক সহ পুণ্যার্থীরা সহযোগিতা করেছেন। তবে মোবাইল পরিষেবা ঠিকমতো মেলেনি। এজন্য পর্যটক থেকে সর্বস্তরের মানুষের অসুবিধা হয়েছে। কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলি থেকে কোনও সহযোগিতা পাওয়া যায়নি।
জেলাশাসক বিধান রায় বলেন, মোবাইল পরিষেবা যাতে ঠিক থাকে সেজন্য বিভিন্ন সার্ভিস প্রোভাইডারকে চিঠি দেওয়া হয়েছিল। পাঁচ লক্ষের বেশি মানুষ এসেছে। একসঙ্গে এত মানুষ মোবাইল ব্যবহার করায় নেটওয়ার্কের সমস্যা হয়েছে।