


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৫ জুলাই ডুরান্ড কাপের ডার্বি। ঐতিহ্যবাহী টুর্নামেন্টের শুরুতেই মহারণ। তার আগে বৃহস্পতিবার অনুশীলন শুরু করল মোহন বাগানের সিনিয়র দল। রাহুল ভেকে, লিস্টন, বিশাল, মনবীররা সবাই দলের সঙ্গে যোগ দিয়েছেন। ভিসা সমস্যা মিটলেই কলকাতায় আসবেন গ্রিক কোচ পানোস। একইসঙ্গে এদিনই অজি তারকা পেত্রাতোসকে রিলিজ করে দিল গঙ্গাপাড়ের ক্লাব। সবুজ-মেরুন জার্সিতে দিমির ক্যাবিনেটে রয়েছে ৬টি ট্রফি। মোহন বাগানের পাশাপাশি তৈরি হচ্ছে ইস্ট বেঙ্গলও। পাঞ্জাব এফসি’র স্প্যানিশ মিডিও দানি রামিরেজ এবার লাল-হলুদে যোগ দিলেন। এদিন সরকারিভাবে তাঁর নাম ঘোষণা করা হয়। দানিশ ফারুখও স্কোয়াডের শক্তি বাড়াবেন। ১২ জুলাই প্রস্তুতি শুরু করতে পারে মশালবাহিনী।
এদিকে, ঘরোয়া লিগের জট কাটাতে শুক্রবার সর্বদলীয় বৈঠকে বসছে আইএফএ। গতবারের চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। সেক্ষেত্রে লাল-হলুদের ম্যাচ দিয়েই লিগ উদ্বোধনের সম্ভাবনা। তবে শ্রীভূমি ও ডায়মন্ডহারবারের অংশগ্রহণ অনিশ্চিত। এখনও আইএফএ’কে সবুজ-সংকেত দেয়নি তারা।