


বারাণসী: মোমো খেতে বড্ড ভালোবাসে ক্লাস সেভেনের কমলেশ (নাম পরিবর্তিত)। রাস্তায় চোখে পড়লেই স্টলে দাঁড়িয়ে আট-দশটা না খেলে তার যেন দিন ভালো যায় না। আর তারই সুযোগ নিল তিন দোকানি। কিশোর মনের ছেলেমানুষিকে হাতিয়ার করে ৮৫ লক্ষ টাকার গয়না হাতানোর অভিযোগ উঠল তিন মোমো বিক্রেতার বিরুদ্ধে। উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় এই ঘটনা ঘটেছে। কিশোরের বাবা বিমলেশ, পেশায় বারাণসীর এক মন্দিরের পুরোহিত পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে কিশোরের ওই কাণ্ড দেখে তার পরিবার তো বটেই এমনকি পুলিশও হতবাক।
ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগে। দেওরিয়ার রাস্তায় বেশ কয়েকটি মোমোর স্টল রয়েছে। ওই কিশোর প্রায়শই সেই দোকানগুলি থেকে মোমো খেত। এহেন এক খাবারের প্রতি নাবালকের আকর্ষণ দেখে ফাঁদ পাতেন তিন দোকানি। তাঁরা কিশোরকে টোপ দেন, একেবারে বিনামূল্যে মোমো দেওয়া হবে, যদি সে গয়না এনে দেয়। এই টোপে পা দেয় কিশোর। ধীরে ধীরে বাড়ির আলমারি থেকে গয়না সরাতে থাকে। এই করে অন্তত ৮৫ লক্ষ টাকার গয়না সে ওই মোমো বিক্রেতাদের দিয়ে দেয়। সম্প্রতি বিমলেশের বোন তাঁদের বাড়ি আসেন। দাদার কাছে তিনি নিজের কিছু গয়না রেখে গিয়েছিলেন। খোঁজ করতে গিয়ে তিনি দেখেন যে সেই গয়না উধাও। তারপরই নাবালককে জিজ্ঞাসাবাদ করলে আসল ঘটনা সামনে আসে। ছেলের কথা শুনে তাঁরা তো বাকরুদ্ধ। অবশেষে পুলিশের দ্বারস্থ হন।
এদিকে পুলিশ জানিয়েছে, বিমলেশের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত মোমো বিক্রেতাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। খুব শীঘ্রই গয়না উদ্ধার করা হবে এবং তিনজনকে গ্রেপ্তারও করা হবে।