


সংবাদদাতা, উলুবেড়িয়া: যেন কেঁচো খুঁড়তে কেউটে পরিস্থিতি। মঙ্গলবার সকালে উলুবেড়িয়া থানার নিমদিঘি এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে একটি গাড়িতে আগুন লাগার ঘটনায় প্রথমে চাঞ্চল্য ছড়ায়। আগুন লাগার পরেই চালক গাড়ি ফেলেই চম্পট দেয়। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু চালকের ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় সন্দেহ হয় সকলের। ঘটনাস্থলে পুলিশ এসে গাড়ির বনেট খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁদের। গাড়ির বনেটের ভিতরে থরে থরে সাজানো রয়েছে গাঁজা ভর্তি প্যাকেট। সেগুলি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সাদা রঙের একটি ছোট চার চাকা প্রাইভেট গাড়ি কলকাতার দিকে যাচ্ছিল। নিমদিঘির কাছে আচমকা গাড়ির সামনের দিক থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরিস্থিতি বুঝতে পেরেই চালক গাড়িটি রাস্তার পাশে থামিয়ে জল আনতে যাওয়ার নাম করে সেখান থেকে চম্পট দেয়। ঘটনার খবর পেয়ে দ্রুত সেই স্থানে পৌঁছয় উলুবেড়িয়া থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলকেও। দমকলের একটি ইঞিন এসে আগুন নেভায়। এরপর পুলিশ গাড়িটির বনেট খুলে তল্লিশি চালালেই গাঁজা ভর্তি প্যাকেটগুলি বেরিয়ে আসে। পুলিশ গাড়িটিকে বাজেয়াপ্ত করে। গাঁজাগুলি কোথার থেকে আনা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ। গাড়িটির মালিক ও পলাতক চালকের সন্ধানেও তল্লাশি চলছে।