


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, শনিবার কলকাতার পুলিশ ট্রেনিং স্কুলের শৌচালয় থেকে এক পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃত পুলিশকর্মীর নাম দীপক বর্মান। এএসআই পদমর্যাদার এই আধিকারিক ড্রিল ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ট্রেনিং স্কুল আলিপুর থানা এলাকার অন্তর্গত। আজ সকালেও দীর্ঘক্ষণ শৌচালয়ের দরজা বন্ধ অবস্থায় থাকায় সন্দেহ হয় ট্রেনিং স্কুলের লোকজনের। অনেক ডাকাডাকির পরেও ভিতর থেকে কেউ সাড়া দিচ্ছিলেন না। যে কারণে খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে দরজা ভেঙে দীপক বর্মানের নিথর দেহ উদ্ধার করে। এটি আত্মহত্যার ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। শুরু হয়েছে তদন্ত।