


দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: সিবিএসই বোর্ডের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগে কি এবার যুক্ত হচ্ছে অতিরিক্ত সাবজেক্ট? শিক্ষামন্ত্রক সূত্রে জানানো হয়েছে যে, এমন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। এবার থেকে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং জীববিদ্যার সঙ্গেই নবম শ্রেণির ছাত্রছাত্রীদের পড়তে হতে পারে পৃথিবী বিজ্ঞানও। অর্থাৎ, আর্থ সায়েন্স। সরকারি সূত্রের দাবি, ইতিমধ্যেই এব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব শিক্ষামন্ত্রক এবং সিবিএসই বোর্ডের কাছে জমা দিয়েছে এনসিইআরটি। একইসঙ্গে জমা দেওয়া হয়েছে পৃথিবী বিজ্ঞানের খসড়া পাঠ্যসূচিও। আপাতত গোটা বিষয়টিই বিবেচনা করে দেখছে সিবিএসই। তাদের অনুমতি মিললে ২০২৭-২৮ শিক্ষা বছর থেকে এই নয়া বিষয় অন্তর্ভুক্ত হতে পারে ক্লাস নাইনের বিজ্ঞান বিভাগে।
জানা যাচ্ছে যে, এনসিইআরটির পাঠ্যবই নিয়ে সাম্প্রতিক বিতর্কের জেরে আরও সতর্ক থাকতে চাইছে কেন্দ্রের মোদি সরকার। যদিও এক্ষেত্রে বিতর্কের কোনো অবকাশ নেই বলেই মনে করা হচ্ছে। তবুও সর্বস্তরে আলোচনার পরেই সিদ্ধান্ত নিতে চাইছে কেন্দ্র। ঐকমত্য হওয়ার পরেই এব্যাপারে বিজ্ঞপ্তি জারি করবে সিবিএসই। শিক্ষামন্ত্রক সূত্রে জানা যাচ্ছে যে, নবম শ্রেণির বিজ্ঞান বিভাগে যে প্রস্তাবিত সংশোধিত পাঠ্যসূচি তৈরি হয়েছে, তাতে পদার্থবিদ্যা থেকে মাধ্যাকর্ষণের (গ্র্যাভিটেশন) অধ্যায় বাদ দেওয়া হয়েছে। পরিবর্তে এনার্জি সংক্রান্ত কিছু বিষয় যোগ করা হয়েছে পদার্থবিদ্যায়। অন্যদিকে, জীববিদ্যায় ‘রিপ্রোডাকশন’ এবং ‘ডাইভারসিটি’ সম্পর্কিত অধ্যায় অন্তর্ভুক্ত হয়েছে। একইভাবে ক্লাস নাইনের রসায়নবিদ্যা থেকেও বাদ পড়েছে একটি অধ্যায়।
এনসিইআরটি সূত্রে দাবি করা হয়েছে যে, শুধুই গতানুগতিকভাবে পড়াশোনা নয়। বরং ‘কোয়ালিটি সায়েন্স’ পড়ার উদ্দেশ্যেই পৃথিবী বিজ্ঞান সহ নবম শ্রেণির সংশোধিত পাঠ্যসূচি পড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে ছাত্রছাত্রীরা তার পর্যবেক্ষণ এবং পরীক্ষালব্ধ ফলের সঙ্গে সরাসরি বিজ্ঞানকে সংযুক্ত করতে পারবে। বরং গবেষণালব্ধ পড়াশোনার সুফল পাবে পড়ুয়ারা। স্বাভাবিকভাবেই অভিভাবকদের একটি বড় অংশের মধ্যে উদ্বেগেরও সৃষ্টি হয়েছে। তাঁদের প্রশ্ন, যেখানে নবম এবং দশম শ্রেণির পড়াশোনায় বোর্ড পরীক্ষা জড়িয়ে থাকে। তাই এসময়ে এহেন অতিরিক্ত বিষয় অন্তর্ভুক্ত করা কতটা যুক্তিযুক্ত? তবে এনসিইআরটি সূত্রে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে, এর ফলে পড়ুয়াদের কোনো বাড়তি চাপ নিতে হবে না। সেভাবেই খসড়া পাঠ্যসূচি
তৈরি করা হয়েছে।