


ব্রাসিলিয়া, ৫ মে: বড়সড় সমস্যার মুখে পড়লেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। অনুশীলনের সময় সতীর্থকে শারীরিকভাবে আঘাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে শুরু হল অভ্যন্তরীণ তদন্ত। ব্রাজিলের কোচ কার্লো আনসেলোত্তি এমনিতেই নেইমারের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছেন। কারণ তারকা ফুটবলারের ফিটনেস নিয়েও রয়েছে একাধিক সমস্যা। আর এইসবের মধ্যেই নতুন গোলমাল। জানা গিয়েছে, স্যান্তোসের অনুশীলন চলার সময় ১৮ বছরের তরুণ প্লেয়ার রবিনহো জুনিয়র আচমকাই নেইমারকে ড্রিবল করে পেরিয়ে যান। এই ঘটনায় বেজায় চটে যান নেইমার। তাঁকে অসম্মান করা হয়েছে ভেবে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেন। পাশাপাশি পা দিয়ে ঠেলে ফেলে দেন রবিনহো জুনিয়রকে। এরপরই দুজনের মধ্যে তীব্র বচসা শুরু হয়। ছুটে আসেন অন্যান্য সতীর্থরা। গোলমাল থামানোর চেষ্টাও করেন।
এই ঘটনার পরই রবিনহো অভিযোগ জানান, তাঁকে ফেলে দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে এবং কদর্য ভাষায় তাঁকে আক্রমণ করা হয়েছে। ক্লাবে নিরাপত্তার অভাব রয়েছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। এমনকী তিনি চুক্তি বাতিল করার হুঁশিয়ারি দিয়েছেন বলেও সূত্রের খবর। ঘটনায় নড়েচড়ে বসে ক্লাব কর্তৃপক্ষ। তড়িঘড়ি জারি করা হয় বিবৃতি। সেখানে বলা হয়, দুই খেলোয়াড়ের মধ্যে শারীরিক সংঘর্ষের অভিযোগ সম্পর্কে তারা অবগত। ক্লাবের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী পুরো বিষয়টিতে অভ্যন্তরীণ তদন্তও শুরু হয়েছে। যার দায়িত্ব দেওয়া হয়েছে ক্লাবের আইন বিভাগকে। এবিষয়ে স্থানীয় সংবাদমাধ্যম নেইমারের সঙ্গে যোগাযোগ করলে তিনি অবশ্য কোনওরকম প্রতিক্রিয়া দেননি।