


সংবাদদাতা, মানবাজার: ‘নো ভোট টু রাজীব লোচন সরেন ও প্রতিমা সরেন’, এই বার্তা লেখা একটি ব্যানারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার মানবাজার ২ ব্লক এলাকার বারি জাগদা অঞ্চলে। পোস্টারে তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীক ব্যবহার করায় রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে। বুধবার রাত্রে বারি হাসপাতাল মোড়ে ব্যানারটি টাঙানো ছিল। ভোটের আগে বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সরেন ও তার স্ত্রী প্রতিমা সরেনের নামে এমন পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে ন’টা নাগাদ বারি হাসপাতাল মোড়ে একটি বাতিস্তম্ভের নীচে ওই ব্যানারটি চোখে পড়ে স্থানীয়দের। ব্যানারে তৃণমূল কংগ্রেসের প্রতীকের পাশাপাশি নেতা-নেত্রীরও ছবি ছিল। সেখানে ব্যানারের নীচে বারি জাগদা অঞ্চলের নাম উল্লেখ করা ছিল। বর্তমানে বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সরেন তৃণমূলের জেলা সভাপতিও। তাঁর স্ত্রী প্রতিমা সরেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ।
ভোটের আগে এমন ব্যানার টাঙানোয় এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। সূত্রের খবর, ওই অঞ্চলে বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে তৃণমূলের নীচের তলার নেতৃত্বের। এলাকার হাসপাতাল, স্কুলগুলির বেহাল অবস্থা। সেই সঙ্গে ওই এলাকায় আইসিডিএস নিয়োগে স্বজনপোষণের অভিযোগ ওঠে বিধায়কের বিরুদ্ধে। সেই কারণে তৃণমূলের কিছু নেতা বিধায়কের উপর ক্ষুব্ধ বলে খবর। তৃণমূলের বারি জাগদা অঞ্চল সভাপতি সঞ্জীবকুমার মাহাত বলেন, তৃণমূলের নীচুতলার কেউ ব্যক্তিগতভাবে এই ব্যানার লাগিয়ে থাকতে পারেন। এতে দলের কোনো যোগ নেই। হয়তো কারও কিছু মান-অভিমান রয়েছে। বিধায়কের দৃষ্টি আকর্ষণের জন্যই এটি টাঙানো হয়েছিল। পরে আবার ব্যানারটি সরিয়ে নেওয়া হয়েছে।
অন্যদিকে বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই পোস্টার। বান্দোয়ান মণ্ডল-৩ এর সভাপতি ও ওই এলাকার বাসিন্দা সঞ্জয়কুমার মাহাত বলেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছে বলেই এমন ব্যানার দেখা যাচ্ছে। ওই এলাকায় আইসিডিএস কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ রয়েছে। সে নিয়েও ক্ষোভ রয়েছে কিছু তৃণমূল কর্মীর। এতো সবে শুরু, আগামী দিনে আরও অনেক বিষয় প্রকাশ্যে আসবে।
তবে মানবাজার ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুধীর সরেন এই অভিযোগ অস্বীকার করে বলেন, এটি বিরোধীদের চক্রান্ত। তৃণমূলকে কালিমালিপ্ত করার উদ্দেশ্যেই এই ব্যানার। আমাদের দলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। এতে দলের কোনো ক্ষতি হবে না। এবারও আমরা জয়ী হব।
এদিকে বান্দোয়ান বিধানসভার বিজেপি কনভেনর বৃন্দাবন মাহাত বলেন, তৃণমূলের কর্মীরাই যে এই ব্যানার টাঙিয়েছে, তা স্পষ্ট হয়ে গিয়েছে। বিভিন্ন অবৈধ কারবারে ভাগ-বাঁটোয়ারা এবং চাকরি সংক্রান্ত দুর্নীতি নিয়ে দলের ভেতরেই অসন্তোষ রয়েছে। সেই গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ব্যানার। এই প্রসঙ্গে রাজীব লোচন সরেনকে ফোন করা হলে তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এসএমএসেরও উত্তর মেলেনি। -নিজস্ব চিত্র