


সংবাদদাতা, উলুবেড়িয়া: দুর্গা, লক্ষ্মীপুজোর পর এবার কালীপুজো। আর কয়েকদিন পরেই কালীপুজোকে কেন্দ্র করে উৎসবের আনন্দে মেতে উঠবে গ্রাম বাংলা। বিদেশেও প্রবাসী বাঙালিরা মেতে উঠবেন কালীপুজোয়। তাঁদের জন্যই উলুবেড়িয়া থেকে বিদেশে পাড়ি দিল কালীপ্রতিমা। জানা গিয়েছে, উলুবেড়িয়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ময়রাপাড়া থেকে বিমানে কানাডায় পাড়ি দিয়েছে তিনফুটের ফাইবারের কালীপ্রতিমা। প্রতিমাটি তৈরি করেছেন ময়রাপাড়ার বাসিন্দা সঞ্জীব চন্দ্র। সঞ্জীববাবু জানান, গত বছর আমার হাতে তৈরি ফাইবারের দুর্গাপ্রতিমা কানাডায় গিয়েছিল। সেই সূত্রেই সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে কানাডার অটোয়া বঙ্গবাসী সাংস্কৃতিক সঙ্ঘ আমাকে ফাইবারের কালীপ্রতিমা তৈরি করার কথা বলে। সেই মতো আমি এই প্রতিমাটি তৈরি করি। প্রতিমাটি তৈরি করতে ১৫ দিনের মতো সময় লেগেছে। অটোয়া বঙ্গবাসী সাংস্কৃতিক সঙ্ঘ এই বছরই প্রথমবার কালীপুজোর আয়োজন করেছে। পুজোয় ওখানকার প্রায় ২০০ জন বাসিন্দা অংশগ্রহণ করছেন। ইতিমধ্যে প্রতিমাটি কাঠের বাক্সে করে বিমানে রওনা দিয়েছে। প্রসঙ্গত, সঞ্জীবের হাতে তৈরি দুর্গা, লক্ষ্মী, সরস্বতী সহ বিভিন্ন প্রতিমা বিদেশে পাড়ি দিয়েছে। নিজস্ব চিত্র