


গুয়াহাটি: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রীর বিরুদ্ধে পবন খেরার অভিযোগ নিয়ে তদন্তের পরিধি আরও বাড়ল। এবার এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার সমন পাঠানো হল কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালাকে। সূত্রের খবর, সুরজেওয়ালাকে ২৩ মের আগে হাজিরা দিতে বলেছে মামলার তদন্তকারী সংস্থা অসম ক্রাইম ব্র্যাঞ্চ। গত মাসে সাংবাদিক বৈঠকে কংগ্রেস মুখপাত্র পবন খেরা অভিযোগ করেছিলেন হিমন্তের স্ত্রী রিংকি ভুঁইয়া শর্মার তিনটি পাসপোর্ট রয়েছে। ভারতের পাশাপাশি তাঁর সংযুক্ত আরব আমিরশাহি এবং মিশরেরও পাসপোর্ট রয়েছে। এছাড়া তাঁর গোপন বিলাসবহুল সম্পত্তি রয়েছে দুবাইতে। তিনি মার্কিন সংস্থা ওয়াইওমিংয়ের সঙ্গে যুক্ত। কংগ্রেস পেশ করা নথিগুলিকে এআই দিয়ে তৈরি বলে জানিয়েছিল বিশ্বশর্মা পরিবার। পাকিস্তানি সোশ্যাল মিডিয়ায় এগুলি ছড়ানো হয়েছে বলে তাঁদের দাবি।
চলতি মাসেই এই অভিযোগ নিয়ে পবন খেরাকে একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করেছে অসম ক্রাইম ব্র্যাঞ্চ। আট ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পবন। জানিয়েছিলেন, তদন্তকারীদের সম্পূর্ণ সহযোগিতা করবেন। তবে আগের অভিযোগ নিয়ে কথা বলতে চাননি। তাঁকে আবার ২৫ মে ডেকে পাঠানো হয়েছে। তখনই তদন্তকারীরা ইঙ্গিত দিয়েছিলেন, এই মামলার তদন্তের পরিধি আরও বাড়ানো হবে। প্রয়োজনে একাধিক কংগ্রেস নেতাকে ডেকে পাঠানো হবে। কংগ্রেস এই তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়েছে। পালটা বিজেপি বলেছে, এই অভিযোগের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্মান জড়িত। তাই তদন্ত প্রয়োজন।