


গুয়াহাটি, ২৩ জুলাই: অসমের বন্যা পরিস্থিতির আরও অবনতি। সব থেকে খারাপ অবস্থা রাজ্যের পূর্বের জেলাগুলির। এর মধ্যে নাগাল্যান্ড সীমানা লাগোয়া শিবসাগর, চরাইদেও ও জোরহাট জেলার অধিকাংশ এলাকা কার্যত জলের তলায়। বিগত অন্তত ৬০ বছরে তাঁদের এমন ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হতে হয়নি বলে জানিয়েছেন সাধারণ মানুষ।
রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে আট লক্ষের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। মৃত্যু হয়েছে মোট ৪১ জনের। এর মধ্যে বিগত ২৪ ঘণ্টায় পাঁচ জেলায় প্রাণ হারিয়েছেন ১০ জন। এছাড়াও আরও অন্তত শতাধিক মানুষের কোনও খোঁজ নেই।
একনাগাড়ে প্রবল বৃষ্টির জেরে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আগে থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছিল প্রশাসন। তবে পরিস্থিতি যে এতোটা ঘোরাল হবে, তা আঁচ করতে পারেনি রাজ্য সরকার। একথা স্বীকার করে নিয়েছেন স্বয়ং অসমের মুখ্যমন্ত্রী হীমন্ত বিশ্বশর্মা।