


মুম্বই, ১৫ মার্চ: সাধারণ মানুষের মধ্যে মিউচুয়াল ফান্ডের প্রতি আগ্রহ বাড়লেও এখনও অসংখ্য মানুষের ভরসার জায়গা ফিক্সড ডিপোজিট। এর মূল কারণ হল লগ্নির নিরাপত্তা ও নিশ্চিত রিটার্ন। ব্যাঙ্ক এবং নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানে এফডি-কে অন্যতম সুরক্ষিত ও ঝুঁকিমুক্ত বিনিয়োগ বলে মনে নেওয়া হয়। এক্ষেত্রে ব্যাঙ্কগুলি গ্রাহকদের ন্যূনতম সাত দিন থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত লগ্নির সুযোগ দিয়ে থাকে। বিভিন্ন ব্যাঙ্কে সুদের হার বিভিন্ন হয়। সাধারণ গ্রাহকদের তুলনায় প্রবীণ নাগরিকদের বেশি সুদ দিয়ে থাকে প্রায় প্রতিটি ব্যাঙ্ক। যে কারণে টাকা রাখার আগে সুদের হার, মেয়াদের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি খতিয়ে দেখা প্রয়োজন। এক ঝলকে দেখে নেওয়া যাক স্টেট ব্যাঙ্ক-সহ দেশের প্রথম সারির ব্যাঙ্কগুলি ১ বছরের ফিক্সড ডিপোজিটে কত সুদ দিচ্ছে।
এক বছরের এফডিতে সাধারণ নাগরিকদের বর্তমানে ৬.৮০ শতাংশ সুদ দিচ্ছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক এসবিআই। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে তা ৭.৩০ শতাংশ। পিএনবিতেও উভয় ক্ষেত্রে সুদের হার সমান। অর্থাৎ সাধারণ নাগরিকদের ক্ষেত্রে ৬.৮ শতাংশ ও প্রবীণদের ক্ষেত্রে ৭.৩০ শতাংশ। কোনও সাধারণ নাগরিক সেখানে আড়াই লক্ষ টাকা রাখলে, এক বছর পরে তা সুদে-আসলে বেঁড়ে দাঁড়াবে ২ লক্ষ ৬৭ হাজার ৪৩৮ টাকা। সেখানে ওই একই মেয়াদে আড়াই লক্ষ টাকা বিনিয়োগ করে প্রবীণ নাগরিকরা পাবেন ২ লক্ষ ৬৮ হাজার ৭৫৫ টাকা।