


নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: ১৫ জুলাইয়ের মধ্যে জনকল্যাণ শিবিরে জমা পড়া আবেদনের নিষ্পত্তির নির্দেশ দিল হুগলি জেলা প্রশাসন। পাশাপাশি রাজ্যের নির্দেশ মেনেই অন্নপূর্ণা যোজনার ফিল্ড ভেরিফিকেশনের কাজ ১০ জুলাইয়ের মধ্যে শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে। রবিবার হুগলির সব ব্লক, মহকুমাকে নির্দেশ পাঠানো হয়েছে জেলা প্রশাসনের তরফে।
প্রশাসনের এক আধিকারিক বলেন, অন্নপূর্ণা যোজনায় ফিল্ড সার্ভে করার জন্য এদিন বিভিন্ন জায়গায় পঞ্চায়েতের কর্মী, আধিকারিকদের নিয়ে বৈঠক করেন বিডিওরা। ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে।
উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনায় অনেক মহিলাই রাজ্য সরকারের তিন হাজার টাকা করে পাননি। অনেক আবেদন রিজেক্ট করে দেওয়া হয়। কিন্তু দিকে দিকে বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলারা। তারপরই ‘রিজেক্ট’ হওয়া আবেদনগুলি অনলাইনে ‘আন্ডার এনকোয়ারি’ হিসাবে দেখানো হয়। আবেদনকারীদের তথ্য যাচাইয়ের কাজ শুরু করছে প্রশাসন। অনেক মহিলা আবার জুন মাসে তিন হাজার টাকা পেলেও জুলাইয়ে আর পাননি। প্রশাসনের এক আধিকারিক বলেন, সময়মতো সেই সব আবেদনের তথ্য ডিজিটাইজ করা যায়নি। তবে ফের সেই কাজও শুরু হয়েছে।
অন্যদিকে, গত জুন মাসে চার দিন ব্যাপী জনকল্যাণ শিবিরের আয়োজন হয়। আরামবাগ মহকুমার প্রত্যেকটি ব্লকে অন্তত দু’টি করে শিবির চলে। তাতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে আবেদন জানান বাসিন্দারা। সেইসব আবেদনগুলি খতিয়ে দেখে ১৫ জুলাইয়ের মধ্যে তার নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন হুগলির জেলাশাসক।
প্রশাসন সূত্রে খবর, সম্প্রতি প্রশাসনিক কাজ নিয়ে ১৫ দফা নির্দেশ পাঠানো হয়েছে জেলা প্রশাসনের তরফে। তারমধ্যে রয়েছে আগামী চার মাসের কাজের পরিকল্পনা তৈরি করে রিপোর্ট পাঠানোর নির্দেশও।
এছাড়া প্রত্যেকটি প্রকল্প নিয়ে জন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার পরামর্শ। সব প্রকল্পের অগ্রগতির রিপোর্ট প্রতি সপ্তাহে পাঠাতে বলা হয়েছে। তারসঙ্গে যেসব ব্লক ও পুরসভা পারফরম্যান্সের ভিত্তিতে পিছিয়ে রয়েছে সেখানে বিশেষ নজরদারি ও প্রশাসনিক সহায়তা দিতে বলা হয়েছে। ১২৫ দিনের কাজের ভিবি জি রাম জি প্রকল্প, আবাস, অন্নপূর্ণা প্রভৃতি প্রকল্পে যোগ্য উপভোক্তারা যেন বঞ্চিত না হন সেই দিকে নজর রাখতেও ব্লকগুলিকে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এছাড়া আবেদনকারীদের তথ্য যথাযথভাবে যাচাই করতেও বলা হয়েছে।
পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ বলেন, স্বচ্ছতার সঙ্গে প্রশাসন চালানোই আমাদের লক্ষ্য। প্রশাসনও সেভাবে কাজ করবে। সমাজকল্যাণমূলক প্রকল্প, প্রশাসনিক সুবিধা যাতে প্রত্যেকে পান সেই দিকটি নিশ্চিত করা হবে।