


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গ্রুপ পর্বে টানা তিনটি ম্যাচ জিতে ডুরান্ড কাপের শেষ আটের টিকিট নিশ্চিত করেছে দুই প্রধান। আর ময়দানে কান পাতলেই শোনা যাচ্ছে, ১৭ আগস্ট কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হবে ইস্ট বেঙ্গল ও মোহন বাগান। ডুরান্ড কমিটির পক্ষ থেকে অবশ্য এখনই আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করা হয়নি। মঙ্গলবার শেষ গ্রুপ পর্বের লড়াই। তারপরই চূড়ান্ত হবে শেষ আটের সূচি। সূত্রের খবর, নক-আউটের শুরুতেই ডার্বির হওয়া সম্ভবনা কম। বরং সেমি-ফাইনালে মুখোমুখি হতে পারে দুই প্রধান। সেক্ষেত্রে শেষ আটের লড়াইয়ে জামশেদপুর এফসি’র মুখোমুখি হবে মোলিনা ব্রিগেড।
গত কয়েকটি মরশুমের তুলনায় এবারের শুরুটা দারুণ করেছে ইস্ট বেঙ্গল। ডুরান্ড কাপের গ্রুপ পর্বে তিন ম্যাচে জয়ের পাশাপাশি ১২বার জাল কাঁপিয়েছেন লাল-হলুদ অ্যাটাকাররা। রবিবার এয়ারফোর্সের বিরুদ্ধে ৬-১ গোলে দলের জয়ে আপ্লুত কোচ অস্কার ব্রুজোঁ। তাঁর কথায়, ‘গত মরশুমে লক্ষ্যভেদের ব্যর্থতায় ভুগতে হয়েছিল। এবার সেই সমস্যা অনেটাই মিটেছে। তবে এখনও প্রাপ্ত সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে আমাদের আরও নৈপুণ্য দেখাতে হবে।’
এয়ারফোর্সের বিরুদ্ধে বড় জয়ের পরই সমর্থকদের কাছে ডার্বি জয়ের আব্দার শুনতে হয়েছে লাল-হলুদ স্প্যানিশ কোচকে। অস্কার অবশ্য এখনই বড় ম্যাচ নিয়ে ভাবতে নারাজ। বরং প্রতিপক্ষ যেই হোক না কেন, জয়ের ছন্দ বজায় রাখাই লক্ষ্য তাঁর। অস্কারের সংযোজন, ‘নক-আউটে আরও কঠিন লড়াই অপেক্ষা করছে। প্রতিপক্ষ যেই হোক না কেন, আমরা জয়ের জন্যই ঝাঁপাব।’
এদিকে, মঙ্গলবার ঘরোয়া লিগে নৈহাটি স্টেডিয়ামে রেলওয়ে এফসি’র মুখোমুখি হবে ইস্ট বেঙ্গল। ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আপাতত গ্রুপ-এ’তে তৃতীয় স্থানে রয়েছে বিনো জর্জের ছেলেরা। মঙ্গলবার জিতে শীর্ষে ওঠার সুযোগ থাকছে তাদের সামনে। রেলওয়ের বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে খুব একটা স্বস্তিতে নেই লাল-হলুদ রিজার্ভ দল। ২৪ ঘণ্টা আগে ডুরান্ড কাপের ম্যাচ খেলায় সোমবার কোনও সিনিয়র ফুটবলার উপস্থিত ছিলেন না অনুশীলনে। ফলে রিজার্ভ দলের ফুটবলারদের নিয়েই মঙ্গলবার দল সাজাতে হতে পারে কোচ বিনোকে। আপফ্রন্টে গোল করার লোকের অভাবে ভুগছে ইস্ট বেঙ্গল। গত কয়েকটি ম্যাচে ডেভিড শুরু করেছিলেন। তবে রেলওয়ে এফসি’র বিরুদ্ধে শুরু করতে পারেন চোট সারিয়ে দলে ফেরা মনোতোষ মাঝি। সুপার সিক্সের আশা জিইয়ে রাখতে এই ম্যাচ জিততেই হবে ইস্ট বেঙ্গলকে। এই প্রসঙ্গে বিনো জানান, ‘এখনই আমরা সুপার সিক্স নিয়ে ভাবছি না। আপাতত আমাদের লক্ষ্য, ম্যাচ প্রতি এগিয়ে চলা।’ রেলওয়ে এফসি’র দায়িত্বে প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন। প্রাক্তন দলের বিরুদ্ধে লড়াইয়ের আগে বেশ আবেগতাড়িত প্রাক্তন এই লাল-হলুদ মিডিও। তিনি বলেন, ‘নস্টালজিয়া কাজ করবে। তবে পেশাদার ফুটবলে জয়ের লক্ষ্যেই দল মাঠে নামবে।’
নৈহাটি স্টেডিয়ামে ম্যাচ শুরু
দুপুর তিনটেয়। সম্প্রচার
এসএসইএন অ্যাপে।