


• বলি পাড়ায় বিচ্ছেদের গুঞ্জন। শোনা যাচ্ছে, সইফ আলি খানের পুত্র ইব্রাহিম আর পলক তিওয়ারির প্রেম ভেঙেছে। গত তিন বছর ধরে তাঁদের সম্পর্কের গুঞ্জন ছিল ইন্ডাস্ট্রিতে। প্রকাশ্যে কখনও তা স্বীকার না করলেও দুইয়ে দুইয়ে চার করতে সময় নেননি অনুরাগীরা। রেস্তরাঁ হোক বা বিশেষ কোনো অনুষ্ঠান বা পার্টি— সবসময় একসঙ্গে দেখা যেত তাঁদের। পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হয়েছিল তাঁদের হাত ধরে হাঁটার ভিডিয়োও। তবে এবার তাঁদের বিচ্ছেদের গুঞ্জনে সরগরম বলি পাড়া। সূত্রের খবর, আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এ বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ্যে আসুক, চান না কেউই। পাশাপাশি ইব্রাহিম ও পলকের একসঙ্গে চুক্তিবদ্ধ কয়েকটি প্রজেক্ট স্থগিত করা হয়েছে। সেই কাজগুলি আদৌ হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।