


১৫ বছর পর ফের একসঙ্গে কাজ করতে চলেছেন পরিচালক প্রিয়দর্শন ও অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। একটি কমেডি ছবিতে দেখা যাবে এই পরিচালক অভিনেতা জুটিকে। ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। খবরে সিলমোহর দিয়েছেন পরিচালক নিজেই। ২০১০ সালে মুক্তি পেয়েছিল আক্রোশ ছবিটি। সেটি প্রিয়দর্শনের সঙ্গে পঙ্কজের শেষ কাজ। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন, আগের ছবিতে সিরিয়াস চরিত্রে ছিলেন পঙ্কজ।
তবে এবারের গল্প আলাদা। এবার তাঁকে দেখা যাবে কমেডি অবতারে। ‘হেরা ফেরি’, ‘হাঙ্গামা’র মতো সিচুয়েশনাল কমেডিকে কেন্দ্র করে লেখা হচ্ছে চিত্রনাট্য। মুখ্য চরিত্রে থাকবেন পঙ্কজ। ছবিতে আরও দু’জন নামজাদা অভিনেতা রয়েছেন বলে খবর। যদিও তাঁদের নাম এখনই প্রকাশ্যে আনতে নারাজ নির্মাতারা। শীঘ্রই চিত্রনাট্যের কাজ শেষ করে শ্যুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে প্রিয়দর্শনের।