


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্ক স্ট্রিটের হোম থেকে পালিয়ে গেল দুই নাবালিকা। বৃহস্পতিবার গভীর রাতে তারা পাঁচিল টপকে পালিয়ে যায়। শুক্রবার সকালে বিষয়টি হোম কর্তৃপক্ষের নজরে আসে। এরপর পার্ক স্ট্রিট থানায় অভিযোগ করা হয়। তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই নাবালিকা কয়েক বছর আগে প্রেমের টানে তারা বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। তাদের বাড়ি বেনিয়াপুকুর এলাকায়। পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে আসে। আদালতের নির্দেশে তাদের পাঠানো হয় হোমে। তারপর থেকে সেখানেই ছিল তারা। বৃহস্পতিবার রাতে হোমের সবাই ঘুমিয়ে পড়লে রক্ষীদের নজর এড়িয়ে তারা পাঁচিল টপকে পালায় বলে জানা গিয়েছে। সিসি ক্যামেরার ফুটেজে তাদের পালানোর চিত্র ধরা পড়েছে। কাদের সঙ্গে তারা পালিয়েছে, ফুটেজ ঘেঁটে তা জানার চেষ্টা করছে পুলিশ। তল্লাশি চলছে।