


নয়াদিল্লি, ১৫ সেপ্টম্বর: দিনে কাজ শুরু করার আগেই এল দুঃসংবাদ। ভোর প্রায় ৬টা নাগাদ কর্মীদের কাছে পৌঁছল সংস্থার ই-মেল। তাতে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, আজই আপনার চাকরির শেষ দিন। আচমকা এই বার্তা পেয়ে কার্যত হতবাক আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থা ওরাকলের একাধিক কর্মী।
জানা গিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পরিষেবার পরিকাঠামোয় বিপুল অর্থ বিনিয়োগ করেছে এই সংস্থা। আর তার মাঝেই ফের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে এই সংস্থা। তবে সাম্প্রতিক দফায় ঠিক কতজন কর্মী চাকরি হারিয়েছেন, তা সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। কর্মীদের কেন ছাঁটাই করা হল, তারও নির্দিষ্ট কারণ জানানো হয়নি ইমেলে। চাকরি হারানো কর্মীদের আরও জানানো হয়েছে, খুব শীঘ্রই সংস্থার কম্পিউটার, ই-মেল, ভয়েসমেল এবং বিভিন্ন নথিতে তাদের প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হবে। কর্মীদের কোনো রকম সময় না দিয়েই অল্প সময়ের মধ্যেই তাঁদের সংস্থার বিভিন্ন ব্যবস্থায় প্রবেশাধিকার বন্ধ করে দেওয়ার ঘটনাটি রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সংস্থার তরফ থেকে পাওয়া এক রিপোর্টে জানা গিয়েছে, ২০২৬ অর্থবর্ষে ওরাকলের কর্মীসংখ্যা প্রায় ২১,০০০ কমেছে, যা মোট কর্মীসংখ্যার প্রায় ১৩ শতাংশ। চলতি বছরের মে মাসে ওরাকেলের বিশ্বব্যাপী কর্মীসংখ্যা ছিল ১ লাখ ৪১ হাজার। যেখানে এক বছর আগে এই সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৬২ হাজার। সংস্থার পুনর্গঠন পক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মীদের ছাঁটাইয়ের ক্ষতিপূরণ সহ অন্যান্য খরচ বাবদ এই সংস্থা প্রায় ১.৮৪ বিলিয়ন ডলার ব্যায় করেছে।