


শেওপুর: কুনো জাতীয় উদ্যানে ফের এক চিতার মৃত্যু। এই নিয়ে সেখানে মোট ১০টি চিতার মৃত্যু হল। শনিবার সরকারি সূত্রে একথা জানানো হয়েছে। পাশাপাশি এই ঘটনায় চোরাশিকার নিয়েও সন্দেহ দানা বেঁধেছে। জানা যাচ্ছে, নাভা নামে আট বছরের ওই স্ত্রী চিতা সপ্তাহ খানেক আগে গুরুতর জখম হয়। সেই ক্ষত থেকেই এদিন সেটির মৃত্যু হয়েছে। এ ব্যাপারে চিতা প্রকল্পের ফিল্ড ডিরেক্টর উত্তম শর্মা বলেন, মনে করা হচ্ছে, সপ্তাহখানেক আগে চোরাশিকারীদের হামলায় ওই স্ত্রী চিতার বাঁদিকের পাঁজর ভেঙে গিয়েছিল। এছাড়াও শরীরে একাধিক ক্ষত ছিল। তড়িঘড়ি চিকিৎসা শুরু হলেও তাকে বাঁচানো গেল না।
নাভার মৃত্যুর পর কুনোয় এখন বেঁচে রইল ২৬টি চিতা। তার মধ্যে ছ’টি স্ত্রী, তিনটি পুরুষ এবং ১৭টি শাবক। উত্তম শর্মা জানান, ‘সবকটি চিতাই সুস্থ রয়েছে। বর্তমানে তাদের কুনো থেকে গান্ধীসাগরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এও জানা যাচ্ছে, ২৬টি চিতার মধ্যে ১৬টি বুনো। তারা একসঙ্গে নিয়মিত শিকারের তালিম নিচ্ছে। তিনি এও জানান, দুই স্ত্রী চিতা ভীরা এবং নিরভা শাবকদের নিয়ে সুস্থই রয়েছে। তাদের জন্য বিশেষ খেয়াল রাখা হয়েছে।