


সংবাদদাতা, বারুইপুর: বর্ষার মরশুমে রাজ্যের বিভিন্ন প্রন্তে মার খেয়েছে সবজির ফলন। আশঙ্কা তৈরি হয়েছে বাজারদর বৃদ্ধির। আর সেই জেরেই কালোবাজারি রুখতে আজ রবিবারের সকালে বারুইপুর কাছারি বাজারে অভিযান চালায় বারুইপুর পুলিশ জেলার এনফোর্স ডিপার্টমেন্ট ও বারুইপুর থানার পুলিশ। পাশাপাশি সঙ্গে ছিল বিডিও অফিসের প্রতিনিধি সহ বারুইপুর পুরসভার প্রতিনিধি সহ অন্যরা।
জানা গিয়েছে, বারুইপুর বাজার ঘুরে ঘুরে এনফোর্স ডিপার্টমেন্ট সদস্যরা কথা বললেন খুচরো এবং পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে। তাঁরা পরামর্শ দিলেন বাজারে অহেতুক বেশি দামে সবজি বিক্রি করা যাবে না। বিভিন্ন সবজির দর খতিয়ে দেখছেন তাঁরা। পেঁয়াজ, আলু দাম চড়া বলে অভিযোগ। যে যার মত দাম নিচ্ছে বলে অভিযোগ। সেই জেরে একাধিক ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে পুলিশের তরফে। ব্যাবসায়ীদের বলা হয়েছে বাজার দরের একটি নির্দিষ্ট তালিকা যাতে টাঙানো হয়। নির্ধারিত দামের বেশি দাম নেওয়া হলে যথাযথ পদক্ষেপ নেবে পুলিশ। আর আজ শুধু বারুইপুর নয় শহরের একাধিক বাজারে এইরকম অভিযান চলে বলে জানা গিয়েছে পুলিশের তরফে। বিভিন্ন বাজারে গিয়ে বাজার দর খতিয়ে দেখছে এনফোস ডিপার্টমেন্টের আধিকারিকরা। এই অভিযান আপাতত জারি থাকবে বলে জানিয়েছে পুলিশ।