


বেঙ্গালুরু: দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনালে বেকায়দায় পূর্বাঞ্চল। বোর্ডের সেন্টার অব এক্সেলেন্স মাঠে শুক্রবার উত্তরাঞ্চলের ৪০৫ রানের জবাবে পূর্বাঞ্চল থামল ২৩০ রানে। অর্থাৎ, দ্বিতীয় দিনের শেষে ১৭৫ রানে পিছিয়ে তারা। এদিন হ্যাটট্রিক সহ পাঁচ উইকেট নিয়ে পূর্বাঞ্চল ইনিংসে ধস নামান মিডিয়াম পেসার আকিব নবি। জম্মু ও কাশ্মীরের এই পেসার গত মরশুমে রনজিতে নিয়েছিলেন ৪৪ উইকেট। সেই ফর্ম বজায় রেখে এদিন দু’ওভার মিলিয়ে পরপর চার বলে নেন উইকেট। ২৮ বছর বয়সির শিকার হন বিরাট সিং, মনীষী, মুখতার হুসেন ও সুরজ সিন্ধু জয়সওয়ালকে। তাঁর পঞ্চম শিকার মহম্মদ সামি। নবির বোলিং ফিগার ১০.১-১-২৮-৫।
পূর্বঞ্চেলের হয়ে সর্বাধিক ৬৯ করেন বিরাট সিং। অধিনায়ক রিয়ান পরাগের সংগ্রহ ৩৯। উৎকর্ষ সিং (৩৮), কুমার কুশাগ্রও (২৯) বড় রান করতে ব্যর্থ। উল্লেখ্য, এদিন ৩০৮-৬ নিয়ে দিনের খেলা শুরু করা উত্তরাঞ্চলের ইনিংস শেষ হয় ৪০৫ রানে। কানহাইয়া করেন ৭৬। বাঁ- হাতি স্পিনার মনীষী ১১১ রানে ছয় উইকেট নেন। একটি উইকেট নেন মহম্মদ সামি। মুকেশ কুমার কোনও উইকেট পাননি। দলীপের অন্য কোয়ার্টার ফাইনালে দানিশ মালেওয়ার (রিটায়ার্ড আউট ২০৩) ও যশ রাঠোরের (৮৭) দাপটে মধ্যাঞ্চল (৫৩২-৪ ডিক্লেয়ার) বড় রান তোলে। জবাবে দ্বিতীয় দিনের শেষে ধুঁকছে উত্তর-পূর্বাঞ্চল (১৬৮-৭)।