


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে শপথ নেবেন আর এন রবি। সকাল সাড়ে ১১টায় রাজভবনে তাঁকে শপথবাক্য পাঠ করাবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা, পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম প্রমুখের। বুধবার বিকালে রাজ্যে এসে পৌঁছেছেন রবি। বিমানবন্দরে তাঁকে শুভেচ্ছা জানান দমকলমন্ত্রী সুজিত বসু, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি পীযুষ পান্ডে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ তিনি রাজভবনে পৌঁছান। জানা গিয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রায় ২০০ জনকে। উপস্থিত থাকবেন নতুন রাজ্যপালের পরিবারের সদস্যরাও। তাঁর পরিবারের সদস্য ছাড়াও এদিন রাজ্যে এসে পৌঁছেছেন তাঁর সঙ্গে থাকা বেশ কয়েকজন আধিকারিকও। এদিন বিকেলেই কলকাতা থেকে দিল্লি উড়ে গিয়েছেন রাজ্যের বিদায়ী রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁকেও এদিন শুভেচ্ছা জানিয়েছেন দমকলমন্ত্রী।