


নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: টুলু মণ্ডল কাণ্ডে ধৃত বীরভূম জেলা ভূমি দপ্তরের প্রাক্তন আধিকারিক রবিউল ইসলামকে সোমবার দুপুরে সিউড়ি এসিজেএম আদালতে তোলা হয়। জাল ডিসিআর কাণ্ডে অভিযুক্ত এই প্রাক্তন ডেপুটি ডিএলএলআরও-কে এদিন ৮ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত। আর পুলিশি হেফাজতে নেওয়ার পরেই এদিন সন্ধ্যায় ধৃতের মারগ্রামের বাড়িতে জোরদার তল্লাশি অভিযান শুরু করে পুলিশ।
এদিন আদালতে বিচারকের সামনে রীতিমতো বিস্ফোরক দাবি করেন রবিউল। নিজের যাবতীয় দায় ওপরমহলের ঘাড়ে চাপিয়ে তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত কোনো ক্ষমতা ছিল না। তৎকালীন জেলাশাসক ও অতিরিক্ত জেলাশাসকদের নির্দেশেই আমি সব কাজ করেছি।’
টুলুর বেআইনি কারবারে মদত দেওয়ার বিনিময়ে এই আধিকারিকের সম্পত্তি জাদুর মতো ফুলেফেঁপে উঠেছিল বলে অভিযোগ। ওয়াকিবহাল মহলের মতে, এই দুর্নীতি চক্রের জাল কতদূর বিস্তৃত এবং বিপুল সম্পত্তির উৎস সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি খুঁজতেই পুলিশি হেফাজতে নেওয়ার পর রবিউলের মারগ্রামের বাড়িতে এই হানা দিয়েছে পুলিশ।