


নিজস্ব প্রতিনিধি, মালদহ: আগামী বছর থেকে রাজ্যের সব জেলায় লাইব্রেরিতে নিখরচায় মিলবে সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কোচিং। প্রথম পর্যায়ে এজন্য জেলা গ্রন্থাগারগুলিকে বাছাই করা হয়েছে। সেখানে আইএএস, আইপিএসের পাশাপাশি ডব্লুবিসিএস এবং নিট পরীক্ষায় সফল হওয়ার কোচিং দেওয়া হবে। এই ফ্রি কোচিংয়ের সুযোগ পাবেন এসসি, এসটি এবং ওবিসি সম্প্রদায়ের ছেলেমেয়েরা। পরবর্তী পর্যায়ে মহকুমা স্তরের লাইব্রেরিতে ডব্লুবিসিএস এবং নিট পরীক্ষার কোচিং চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী গৌরীশংকর ঘোষ। তিনি বলেন, আমরা দিল্লির প্রফেশনাল সংস্থার সঙ্গে চুক্তি করছি। অনলাইনের পাশাপাশি অফলাইনেও কোচিং দেওয়া হবে। সেক্ষেত্রে সপ্তাহে দু’দিন করে অফলাইনে ওই কোচিং ক্লাস হবে বলে এখনও পর্যন্ত ঠিক আছে। আগামী মার্চ থেকে আমরা ওই কোচিং ক্লাস চালু করব। সেইসঙ্গে এবার থেকে সরকারি চাকরির পরীক্ষার ফর্ম ফিলআপও যাতে লাইব্রেরি থেকে করার সুযোগ মেলে তার ব্যবস্থা হচ্ছে। আজ, সোমবার অন্য একটি কর্মসূচিতে যোগ দিতে মালদহে আসার কথা মন্ত্রী গৌরীশংকর ঘোষের। ওই কর্মসূচি সেরে তিনি মালদহ জেলা গ্রন্থাগারে যাবেন বলে জানিয়েছেন।
পড়ুয়াদের বইমুখী করতে গোটা রাজ্যে লাইব্রেরিগুলিকে ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন দপ্তরের মন্ত্রী। বলেন, রাজ্যের সমস্ত লাইব্রেরিতে একই রং হবে। সব জেলার জেলাশাসককে বলা হয়েছে, কোন কোন লাইব্রেরিতে চেয়ার, টেবিল বদলানো প্রয়োজন তা দেখে জানাতে। সেইসঙ্গে আমরা চাইছি, প্রতিটি লাইব্রেরিতে যেন পানীয়জল, শৌচালয়, আলোর ব্যবস্থা থাকে। লাইব্রেরি চত্বরে যাতে কোনো আবর্জনা পড়ে না থাকে। সবটা করতে যে খরচ পড়বে, তার এস্টিমেট করে পাঠাতে বলা হয়েছে। মন্ত্রীর দাবি, গত ২৭ অক্টোবর পর্যন্ত ১৮টি জেলা থেকে আমরা এস্টিমেট পেয়েছি। সেইমতো তাদের বরাদ্দ দেওয়া হচ্ছে। বাকি জেলাগুলি এস্টিমেট পাঠালে তাদের টাকাও ছেড়ে দেওয়া হবে।
রাজ্যে এখনও পর্যন্ত ৩৫ হাজার ডিজিটালাইজড করার কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন গ্রন্থাগার মন্ত্রী। তিনি বলেন, লাইব্রেরিগুলির সংস্কারকাজ নভেম্বরের মধ্যে শেষ করে ফেলা যাবে বলে আশা করছি। সেক্ষেত্রে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ডিজিটালাইজড বইয়ের উদ্বোধন হবে। এর ফলে পাঠক বাসে-ট্রেনে কিংবা রাস্তায় চলতে চলতে বা বাড়িতে বসেই অনলাইনে অ্যাপের মাধ্যমে ওইসব বই পড়ার সুযোগ পাবেন।
কর্মীর অভাবে বহু রুরাল লাইব্রেরি বন্ধ হওয়ার মুখে। এই পরিস্থিতিতে ওইসব লাইব্রেরিগুলি চালু রাখতে অবসরপ্রাপ্ত গ্রন্থাগার কর্মীদের বিনা বেতনে সার্ভিস দেওয়ার আবেদন জানিয়েছে মালদহ জেলা প্রশাসন। এতে এখনও পর্যন্ত ১৯ জন অবসরপ্রাপ্ত গ্রন্থাগার কর্মী এগিয়ে এসেছেন। ফলে তাঁদের দিয়ে কর্মীর অভাবে ধুঁকতে থাকা লাইব্রেরিগুলি আপাতত খোলা রাখার ব্যবস্থা করা গিয়েছে। মালদহ জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী। তিনি বলেন, মালদহ জেলা প্রশাসন যে উদ্যোগ নিয়েছে, তা খুবই ভালো। অন্য জেলাগুলিও এই উদ্যোগ নিলে ভালো হবে। মন্ত্রীর দাবি, আগামী মে মাস পর্যন্ত আমাদের কর্মী সংকট থাকবে। তার পর আমরা প্রায় ১৩০০ কর্মী পাব। তখন আর এতটা অসুবিধা হবে না।