


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আইআরসিটিসির নতুন ওয়েবসাইট এবং অ্যাপকে আরও ইউজার ফ্রেন্ডলি করছে রেল। শুক্রবার রেলমন্ত্রকের পক্ষ থেকে এই সংক্রান্ত ঘোষণা করা হয়েছে। আগামী দিনে রেলের অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আর ‘ক্যাপচা’র প্রয়োজন পড়বে না। শুধু তাই নয়। টিকিট কাটার সময়ে আইআরসিটিসির ওয়েবসাইট এবং অ্যাপসে যে বারবার বিজ্ঞাপনী ‘পপ আপ’ ভেসে ওঠে এবং তা একাধিকবার বাতিল করতে হয় ব্যবহারকারীদের, সেই সমস্যারও স্থায়ী সমাধান হতে চলেছে। ইতিমধ্যেই আইআরসিটিসির ওয়েবসাইট এবং অ্যাপসে নিজের বিভিন্ন তথ্য ‘সেভ’ করে রাখার সুবিধা পান রেল যাত্রীরা। এদিন রেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, তা আরও উন্নতভাবে চালু হতে চলেছে। সেক্ষেত্রে ‘রিপিট বুকিং’য়ের সময় বারবার নামধাম লেখার সময় বাঁচবে। স্বাভাবিকভাবেই তুলনায় অনেক দ্রুত টিকিট কাটতে পারবেন যাত্রীরা। এর ফলে কনফার্মড টিকিট পাওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পাবে।
ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী ১৫ জুলাইয়ের মধ্যে আইআরসিটিসির নতুন ওয়েবসাইট চালু হয়ে যাবে। সেইমতোই উদ্যোগ নেওয়া শুরু করেছে রেল কর্তৃপক্ষ। এদিন এসংক্রান্ত বিষয়ে একটি পর্যালোচনা বৈঠক করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই বৈঠকে উপস্থিত ছিলেন আইআইটির কিছু পড়ুয়াও। শুক্রবারের পর্যালোচনা বৈঠকের পরই এব্যাপারে ঘোষণা করেছে রেলমন্ত্রক। দীর্ঘদিন ধরেই রেল যাত্রীদের একটি বড়ো অংশ অভিযোগ করছেন, অনলাইনে টিকিট কাটতে গেলে অধিকাংশ সময়েই প্রযুক্তিগত গোলযোগের শিকার হতে হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল ‘ক্যাপচা’র ব্যবহার। প্রযুক্তিগত গোলযোগের কারণে অনেক সময়ই কনফার্মড টিকিট হাতছাড়া হয়েছে, এমন অভিযোগ করেন রেলের যাত্রীরা। রেল জানিয়েছে, আইআরসিটির নতুন ওয়েবসাইটে ট্রেনের সমস্ত ক্লাসের অ্যাভেলেবল আসন দেখতে পাওয়া যাবে।