


নয়াদিল্লি: চলতি বছরে এই নিয়ে টানা তিনবার সুসংবাদ শোনাল আরবিআই। শুক্রবার আবারও রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার একলাফে ৫০ বেসিস পয়েন্ট রেট কমিয়েছে আরবিআই। ফলে ২০২৫ সালের শুরু থেকে মোট ১০০ বেসিস পয়েন্ট রেপো রেট কম করল কেন্দ্রীয় ব্যাঙ্ক। নতুন সিদ্ধান্ত কার্যকরের পর আরবিআই-এর বর্তমান রেপো রেট এসে দাঁড়াল ৫.৫ শতাংশ।
তিন দিনের মুদ্রানীতি কমিটির বৈঠকের পর আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, “সাম্প্রতিক সময়ে মুদ্রাস্ফীতি হ্রাস পাওয়ায় আর্থিক নীতিতে শিথিলতা আনার সুযোগ তৈরি হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে আমরা ঋণগ্রহণ সহজ করতে চাই।”
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই রেট কমার ফলে ঋণগ্রহীতাদের যথেষ্ট সুবিধা হবে। এরফলে দীর্ঘ মেয়াদি লোনগুলিতে সুদের হার কমবে, যা আর্থিক বৃদ্ধির পক্ষেও সহায়ক হবে।
অন্যদিকে, আরবিআই এই সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গেই ব্যাঙ্ক, রিয়েল এস্টেট ও অটোমোবাইল খাতে শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। বেলা ১২টা ২০ মিনিটে সেনসেক্স বেড়েছে ৭১০ পয়েন্ট এবং নিফটি ৫০ বৃদ্ধি পেয়েছে ২২৫ পয়েন্ট। যার ফলে হাসি ফুটেছে বিনিয়োগকারীদের মুখেও।