


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ শুক্রবার রিজার্ভ ব্যাংকের আর্থিক নীতি নির্ধারক কমিটির বৈঠক শেষে সুদের হার ঘোষণার কথা। অর্থাৎ রেপো রেট কত হবে, তা জানাবে আরবিআই। রিজার্ভ ব্যাংক যে হারে ব্যাংকগুলিকে ঋণ দেয়, সেই হারকেই রেপো রেট বলা হয়। এই হার বাড়লে সাধারণত ব্যাংকগুলি আমানত ও ঋণের উপর সুদের হার বাড়ায়। আবার রেপো রেট কমলে, ব্যাংকগুলি সুদের হার কমায়। প্রশ্ন হল, আজ কি আরবিআই রেপো রেট কমাবে? স্টেট ব্যাংক অব ইন্ডিয়া মনে করছে, সুদের হার অপরিবর্তিত রাখতে পারে দেশের শীর্ষ ব্যাংক।
কেন্দ্রীয় সরকার দাবি করেছে, দেশে মূল্যবৃদ্ধির হার অনেকটাই কমেছে। মূল্যবৃদ্ধি লাগামে থাকলে রেপো রেট কমার সম্ভাবনা বেশি থাকে। তারপরও কেন তা কমবে না বলে মনে করছে এসবিআই? তাদের দাবি, টাকার দামকে প্রভাবিত করতে পারে রেপো রেট। যদি তা কমানো হয়, তাহলে দেশের আর্থিক স্থিতির ক্ষেত্রে তা বিপজ্জনক হয়ে যেতে পারে।
প্রসঙ্গত, সাম্প্রতিককালে টাকার দর মার্কিন ডলার পিছু ৯০ টার সীমার স্পর্শ করেছে। পাশাপাশি রেপো রেট কমলে, ব্যাংকগুলিরও ডিপোজিট বা আমানতের উপর সুদের হার কমানোর চাপ থাকে। কিন্তু ওই মুহূর্তে আমানতে সুদের হার কমানো ব্যাংকগুলির ক্ষেত্রে কঠিন। কারণ, অন্যান্য আর্থিক সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার বেশির দিকে।
স্টেট ব্যাঙ্কের বক্তব্য, সুদের হারের দিকে নজর দেওয়ার থেকেও এবার বেশি প্রয়োজনীয় দেশে টাকার জোগানের দিকটিতে নজর দেওয়া। সেই বিষয়েই কিছু ঘোষণা থাকতে পারে আজকের বৈঠক শেষে, মনে করছে দেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক। প্রসঙ্গত, এর আগে আগস্ট এবং অক্টোবরেও রেপো রেট অপরিবর্তিত রেখেছিল রিজার্ভ ব্যাংক। বর্তমানে সেই হার ৫.৫ শতাংশ।