


• হাওয়ায় উড়ছে শাড়ির আঁচল। হালকা গোলাপি গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে নায়িকা অঙ্কিতা মল্লিক। হাসিমুখে চেয়ে আছেন কোন অজানার পাড়ে। শাড়ি পরার কায়দা, চুল বাঁধার স্টাইল, গয়নার কারসাজিতে সময়টা যেন পিছিয়ে গিয়েছে কয়েক বছর। রেট্রো লুকে যেন সাদা-কালো যুগের কোনও নায়িকা ধরা পড়েছেন রঙিন ক্যানভাসে। কালো, সাদা ডোরাকাটা শাড়িটির আঁচলেই বিশেষত্ব। কালো ব্লাউজ দিয়ে শাড়ি পরেছেন অঙ্কিতা। নজরকাড়া কোমরের বেল্ট। এই ধরনের রেট্রো লুক তৈরি করার জন্য যা আদর্শ। মাথায় হেয়ার ব্যান্ডটি সাধারণ কিন্তু এই স্টাইলিংয়ের সঙ্গে চমৎকার মানিয়েছে। অঙ্কিতা প্রথম টেলিভিশনের প্রজেক্ট শেষ করেছেন। এখন প্রথম ছবির প্রস্তুতিতে ব্যস্ত। তার মাঝে চতুষ্পর্ণীর ফ্যাশন শ্যুটে এলেন। লুক নিয়ে বিভিন্ন পরীক্ষানিরীক্ষা করতে ভালোবাসেন তিনি। রেট্রো লুকে বেশ কয়েক বছর পিছিয়ে যেতে পেরে খুশি অভিনেত্রী। এই ধরনের লুকের সঙ্গে হাই হিল পরলে দেখতে ভালো লাগবে। তবে আপনি ক্যারি করতে না পারলে কমফর্টেবল জুতো পরুন। টানা আইলাইনার দিয়ে চোখের মেকআপ করতে পারেন। ঠিক যেমন করতেন রেট্রো যুগের নায়িকারা। সঙ্গে গ্লসি লিপস ভালো মানাবে। অঙ্কিতাকে অন্যভাবে পর্দায় দেখতে অভ্যস্ত দর্শক। এই ধরনের স্টাইলিংয়ে তাঁকে খুব একটা দেখা যায় না। তাই শট দেওয়ার আগেই তাঁকে ঘিরে ধরেন অনুরাগীরা। নায়িকা কথা দিলেন, পরে অবশ্যই মেটাবেন সেলফির আবদার। প্রাক বসন্তে এভাবে সেজে ওঠা শুধু সময়ের অপেক্ষা।
স্বরলিপি ভট্টাচার্য