


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঢাকুরিয়ার বাবুবাগানের পুজো যে মাঠে হয়, তার আশপাশের রাস্তা ও অলিগলির দেওয়াল এখন একটা ফ্লেক্সে ছেয়ে গিয়েছে। মা দুর্গার ছবি দেওয়া সেই পুজোর ফ্লেক্স বিতর্কের সৃষ্টি করেছে। সেখানে লেখা রয়েছে, ‘ঐতিহ্যের গৌরবময় প্রত্যাবর্তন। বাবুবাগানের দুর্গাপুজো পুনরুদ্ধার হলো।’ দুর্গাপুজোর পুনরুদ্ধার বিষয়টা কেমন? দক্ষিণ কলকাতার এই বহু পুরানো জনপ্রিয় পুজো নিয়ে এবার কি তবে বিতর্ক দানা বেঁধেছে? আদি বনাম নব্যর এই স্নায়ুযুদ্ধ থানা হয়ে আদালতেও পৌঁছেছে। এসবের মাঝেই রবিবার সকালে মহাসমারোহে খুঁটি পুজো হয়ে গেল বাবুবাগানে।
২০১১ সালের পর থেকে যাঁরা পুজো করে এসেছেন, সেই গোষ্ঠীদের বিস্তর অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সেই গোষ্ঠীর এক ব্যক্তির কথায়, ‘এরা সব অন্যায়ভাবে দখল করেছে। আচমকা একদিন দেখলাম, নতুন ফ্লেক্স পড়েছে পাড়ায়। সেখানে সভানেত্রী, যুগ্ম সম্পাদকদের নাম। অথচ, ২০১২ সাল থেকে আমরাই পুজো করে আসছি। এরপর আমরা থানায় যাই, আদালতেও যাই। আদালত আমাদের পক্ষে রায় দেয়। এর মাঝেই ওরা একবার খুঁটিপুজো করতে গিয়েছিল। পুলিশ তখন বাধা দেয়। রবিবার বাইরে থেকে লোকজন এনে ওরা পুজো করেছে।’ তাঁদের বক্তব্য, ‘২০১২ সালের আগে যাঁরা পুজো করত, তারাই এখন এসেছে। এদের মধ্যে সিপিএম, কংগ্রেস, বিজেপির লোকজন রয়েছে।’ উলটোদিকে রবিবার খুঁটিপুজোতে এসেছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, শতরূপা প্রমুখ। এদিন যে কমিটি খুঁটিপুজো করল, তার যুগ্ম সম্পাদক সুমন চট্টোপাধ্যায় বলছিলেন, ‘২০১২ সাল থেকে বাবুবাগানের পুজোর রাজনীতিকরণ হয়। সেদিন থেকে বাবুবাগান তার পুজোর গরিমা হারায়। আমরা দীর্ঘদিন ধরে এখানে পুজো করে আসছি। তারপর তৃণমূলের লোকজন এসে এই পুজো দখল করে।’ নতুন কমিটি স্বীকার করে, তাঁদের নয়া কমিটিতে সিপিএম, কংগ্রেস, বিজেপির স্থানীয় নেতারা রয়েছেন। কিন্তু খুঁটি পুজোতে যে বিজেপি নেতাদের আগমন হল? তা কি রাজনৈতিক নয়? আর এক যুগ্ম সম্পাদক সোমশঙ্কর চট্টোপাধ্যায়ের বক্তব্য, ‘আমরা যখন সমস্যায় পড়েছিলাম, সেই সময় বর্তমান সরকারের প্রতিনিধিরা পাশে দাঁড়িয়েছিলেন। তাই তাঁরা এসেছেন। এদিনের খুঁটি পুজোতে স্থানীয় মানুষজনও ছিলেন। তাঁরা স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছেন।’ অন্য গোষ্ঠীর লোকজন কিন্তু এখনও আদালতের দিয়ে তাকিয়ে আছে। নতুন কমিটির কর্তারা মামলার ভয় পাচ্ছেন না।
ঢাকুরিয়ার বাবুবাগানের পুজোর থিম কী হচ্ছে? সুমনবাবু বলছেন, ‘পুজো দারুণ হবে। কিন্তু এখনই বলব না। কিছুদিনের মধ্যেই টিজার প্রকাশ করব।’