


ম্যাঞ্চেস্টার: ভাঙা পা নিয়ে দেশে ফিরছেন ঋষভ পন্থ। তার আগে ইংল্যান্ডেই চোট নিয়ে নীরবতা ভাঙলেন ভারতীয় সহ-অধিনায়ক। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘পাশে থাকা ও ভালোবাসার জন্য সকলকে ধন্যবাদ। আপাতত ছয় সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। হাড় জোড়া লাগার অপেক্ষা করব। এরপরই শুরু হবে রিহ্যাব। দ্রুত ফিট হয়ে মাঠে ফিরব।’ সোমবার বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, ‘ভারতীয় দলের মেডিক্যাল টিম ঋষভের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে। ওর দ্রুত আরোগ্য কামনা করছি।’
এদিকে, ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে পাকিস্তানের জার্সি গায়ে মাঠে ঢোকায় এক দর্শককে পুলিসি বাধার মুখে পড়তে হয়। তা নিয়েই জোর বিতর্ক। অনেকে পুলিসের আচরণে ক্ষুব্ধ। কিন্তু ওল্ড ট্রাফোর্ডের নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারী দুই দল ব্যতীত অন্য কোনও জার্সি পরা যায় না। সেই কারণেই নাকি পুলিস ওই দর্শককে পাকিস্তানের জার্সি ঢেকে রাখার অনুরোধ জানায়। তা মানতে চাননি তিনি। পরে ওই দর্শক জার্সি হাতে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন।