


সংবাদদাতা, বোলপুর: জল ও কাদায় কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে একমাত্র যাতায়াতের রাস্তা। বারবার পুরসভা ও জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েও কোনো স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ। তাই রবিবার সকালে বোলপুরের ১৮ নম্বর ওয়ার্ডের কাছারিপট্টি এলাকায় জলজমা রাস্তায় ধান গাছের চারা পুঁতে এবং ছিপ ফেলে প্রতিবাদ জানালেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোলপুর পুরসভার বিভিন্ন এলাকায় পাকা রাস্তার কাজ সম্পূর্ণ হলেও ১৮নম্বর ওয়ার্ডের কাছারিপট্টি থেকে খাসপাড়া হয়ে বাইপাস পর্যন্ত রাস্তা এখনো কাঁচাই রয়ে গিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার কাউন্সিলার থেকে পুরপ্রধান পর্যন্ত সকলকে জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদায় ভরে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। বর্ষার সময় সেই দুর্ভোগ আরও বাড়ে। এদিন এলাকাবাসী একত্রিত হয়ে বিক্ষোভে শামিল হন। পরে প্রতীকী প্রতিবাদ হিসেবে রাস্তার উপর ধান গাছ পুঁতে এবং ছিপ ফেলেন।
বাসিন্দাদের দাবি, প্রায় ১০০ থেকে ১১০টি পরিবারের বসবাস এই এলাকায়। অথচ দীর্ঘদিনেও কাছারিপট্টি-খাসপাড়ার রাস্তা পাকা করা হয়নি। শুধু তাই নয়, এলাকায় নিকাশি ব্যবস্থাও নেই। ফলে বর্ষা এলেই এক হাঁটু জল জমে যায়। প্রতিদিন ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। বহুবার প্রশাসনের কাছে সমস্যার কথা জানানো হলেও আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি বলে অভিযোগ।
স্থানীয় বাসিন্দা রত্না রজক, সন্তোষ বর্মা বলেন, এটাই আমাদের একমাত্র যাতায়াতের রাস্তা। কিন্তু বছরের পর বছর সেটি কাঁচা অবস্থায় পড়ে রয়েছে। অন্যান্য ওয়ার্ডে উন্নয়নের কাজ হলেও এই এলাকা বারবার বঞ্চিত হয়েছে। নতুন সরকার এবং পুরসভায় নতুন প্রশাসক দায়িত্ব নেওয়ার পর এবার দ্রুত সমস্যার সমাধান হবে বলেই তাঁদের আশা। এ বিষয়ে পুরসভার এক আধিকারিক জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। -নিজস্ব চিত্র