


নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সংস্কারের জেরে সল্টলেকের ১৩ নম্বর ট্যাংক থেকে অনিন্দিতা আইল্যান্ড যাওয়ার একদিকের লেন বন্ধ ছিল ৫ মাস। অবশেষে সেই কাজ সম্পন্ন হওয়ার পর শনিবার থেকে তা খুলে দেওয়া হয়েছে। তবে উল্টোদিকের লেনে অর্থাৎ অনিন্দিতা আইল্যান্ড থেকে ১৩ নম্বর ট্যাংক যাওয়ার রাস্তা বেহাল। তাই এবার ওই লেন বন্ধ করে কাজ শুরু করল বিধাননগর পুরসভা। পুরসভার দাবি, একদিকের লেন সংস্কার করতে ৫ মাস লাগলেও উল্টো দিকের লেনটি দ্রুত সংস্কার করা হবে। প্রথম লেন সংস্কার শুরু হওয়ার পর বিধানসভা নির্বাচন এসে গিয়েছিল। সেই সময় কাজ বন্ধ ছিল। ফলে প্রয়োজনের চেয়ে বেশি সময় লেগেছে।
প্রসঙ্গত বিধাননগর পুরসভায় প্রায় ৬৩ কোটি টাকা খরচ করে ১৯৩টি রাস্তা সংস্কার করা হচ্ছে। এর মধ্যে সল্টলেকের ভিতর ৬৩টি রাস্তা রয়েছে। এর মধ্যে সল্টলেক সহ বিধাননগরের মূল ২২টি রাস্তায় কংক্রিটের ব্লক পাতা হচ্ছে। পুজোর আগেই সব রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
সল্টলেক শহরে রাস্তা খারাপ নিয়ে অভিযোগের শেষ নেই। দীর্ঘদিন ধরেই একাধিক রাস্তার হাল খারাপ। গত বিধানসভা নির্বাচনের আগে ১৩ নম্বর ট্যাংক থেকে অনিন্দিতা আইল্যান্ডের দিকে যাওয়ার বাঁদিকের লেনে কাজ
শুরু হয়েছিল। ওই লেনটি খুবই খারাপ হয়ে গিয়েছিল।
গোটা রাস্তা ভেঙেচুরে একাকার। বড়ো বড়ো গর্ত তৈরি হয়েছিল। মার্চ মাস নাগাদ রাস্তার অর্ধেক পিচ খোঁড়া হয়। তাই ওই লেনটি বন্ধ করা হয়েছিল। তারপর নির্বাচন চলে আসায় কাজ থমকে যায়। একদিকের লেন দিয়েই এতদিন গাড়ি চলছিল। পালাবদলের পর সম্পূর্ণ পিচ খোঁড়া হয়। তারপর ওই রাস্তায় বসানো হয়েছে কংক্রিটের ব্লক। শনিবার ওই বন্ধ লেন ৫ মাস পর খোলা হয়। তবে উল্টোদিকের লেন সোমবার ফের বন্ধ করে দেওয়া হয়েছে। একইভাবে ওই লেনের পূর্ণ সংস্কার করা হবে।-নিজস্ব চিত্র