


নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: জল জমার সমস্যা ছিল। তার জেরে বারবার ভাঙত রাস্তা। ভরে উঠত খানা-খন্দে। তাই সল্টলেক ১৩ নম্বর ট্যাঙ্ক থেকে অনিন্দিতা আইল্যান্ড পর্যন্ত বাঁদিকের লেনে পিচ তুলে কংক্রিটের ব্লক বসানোর পরিকল্পনা নিয়েছে বিধাননগর পুরসভা। বিধানসভা নির্বাচনের আগে থেকেই ওই রাস্তার কাজ শুরু হয়েছিল। তবে সম্পূর্ণ হয়নি। এখন পুরোদমে কাজ চলছে। পুরনো পিচ প্রায় তোলা হয়ে গিয়েছে। নেমে গিয়েছে কংক্রিটের ব্লকও। পুরসভার দাবি, দ্রুতগতিতে কাজ চলছে। শীঘ্রই কাজ শেষ হবে।
সল্টলেকে রাস্তা বেহাল। এ সমস্যা দীর্ঘদিনের। বারবার রাস্তা সংস্কারের দাবি জানিয়েও কোনো ফল মেলেনি। অভিযোগ, জোড়াতাপ্পি দিয়েই সারানো হত রাস্তা। কিছুদিনের মধ্যে ফের খারাপ হয়ে যেত। পালাবদলের পর সল্টলেকের বাসিন্দারা প্রথম রাস্তা সংস্কারের দাবি তুলেছিলেন। বিধাননগরের বিধায়ক তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়ও রাস্তা সংস্কারে উদ্যোগ নেন। সম্প্রতি সল্টলেকজুড়েই রাস্তা সংস্কারের কাজ চলছে। বহু রাস্তার সংস্কার হয়েছে। জোড়াতাপ্পি নয়। বুলডোজার দিয়ে পুরনো পিচ তুলে নতুন করে পিচ দেওয়া হচ্ছে।
সল্টলেক ১৩ নম্বর ট্যাঙ্ক থেকে অনিন্দিতা আইল্যান্ড পর্যন্ত বাঁদিকের লেনটি খুব খারাপ হয়ে গিয়েছিল। বিধানসভা নির্বাচনের ঠিক আগে ওই রাস্তা সংস্কারের জন্য প্রাথমিক কাজ শুরু হয়েছিল। মালপত্র এসেছিল। রাস্তার একটি লেন তখন থেকেই বন্ধ। এখনও একদিকের লেন বন্ধ রয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ওই লেনের পূর্ণ সংস্কার চলছে। পুরনো পিচ সম্পূর্ণ তুলে দিয়ে নতুন করে সোলিং করা হয়েছে। এরপর কংক্রিটের ব্লক পাতা হবে। এছাড়াও ওই লেনের ফুটপাত ভেঙে গিয়েছিল। ফুটপাত বাধানো হয়েছে। সেই সঙ্গে লেনের পাশে ড্রেনেজ অবস্থাও খারাপ হয়ে গিয়েছিল। পুরনো ড্রেন সম্পূর্ণ সংস্কার করা হচ্ছে। নতুন করে পাকা ড্রেন তৈরি করা হয়েছে। ফলে নিকাশির ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। কংক্রিট ব্লক পাতা সহ শীঘ্রই সমস্ত কাজ সম্পন্ন হবে।