


মুম্বই: রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যত্ কী? দুই মহাতারকা ২০২৭ ওডিআই বিশ্বকাপে কী খেলবেন? ভারতীয় ক্রিকেট মহলে এই নিয়ে হামেশাই চর্চা হয়। এবার এই বিষয়ে মুখ খুললেন খোদ রোহিত। এক আলাপচারিতায় তিনি বলেন, ‘শুধু অংশগ্রহণ নয়, ২০২৭ বিশ্বকাপ জিততে চাই। দেশকে ট্রফি এনে দেওয়াই লক্ষ্য। আমরা ওডিআই বিশ্বকাপ দেখে বড় হয়েছি। প্রতি চার বছর অন্তর মেগা আসর হতো। তখন টি-২০ বিশ্বকাপ, আইপিএল কিছুই ছিল না। এটাই ক্রিকেটের সেরা ট্রফি ছিল। তাই এই ট্রফি জেতার জন্য আমি সেরাটা উজাড় করে দেব।’
২০১১ সালে দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ জিতেছিল ভারত। কিন্তু সেই দলে ছিলেন না রোহিত শর্মা। ফলে এই মহার্ঘ্য ট্রফির স্বাদ অধরাই থেকে যায় হিটম্যানের। ২০২৩ সালে সেই আক্ষেপ মেটানোর সুবর্ণ সুযোগ এসেছিল। দেশের মাটিতে আয়োজিত মেগা আসরে দুরন্ত ছন্দে ছিল রোহিতের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় ভারতের। যদিও তাঁর অধিনায়কত্বে টি-২০ বিশ্বকাপের খেতাব জিতেছে মেন ইন ব্লু। তবে ওয়ান ডে’তে বিশ্বজয়ের ব্যক্তিগত আশা এখনও পূরণ হয়নি। তাই টি-২০ এবং টেস্ট ফরম্যাটকে বিদায় জানালেও ৫০ ওভারের ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি তাঁর অফ-ফর্ম নিয়ে অনেক চর্চা হয়েছিল। কিন্তু, ব্যাট হাতেই জবাব দিয়েছেন তিনি। শেষ ৯ ম্যাচে ৫১.১২ গড়ে ৪০৯ রান আসে হিটম্যানের ব্যাট থেকে। তাতে শামিল তিনটি অর্ধশতরান ও একটি শতরান।