


মুম্বই: মরশুমের প্রথম ম্যাচ হারার বদভ্যাস রয়েছে নীতা আম্বানির দলের। ২০১২ সাল থেকেই ধারাটা চলে আসছে। যা উৎসাহিত করছে কলকাতা নাইট রাইডার্স শিবিরকে। সেই তথ্য সামনে মেলে ধরে সহকারী কোচ ওয়াটসন তো মজার সুরে বলেই ফেললেন, ‘মনেপ্রাণে চাই, ওদের জঘন্য রেকর্ডটার পুনরাবৃত্তি হোক। গত ১৪টি আসরে শুরুতেই হেরেছে মুম্বই। তবুও আমরা সতর্ক। কারণ, ওয়াংখেড়ে হল ওদের দুর্গ।’ মুম্বই ইন্ডিয়ান্স আবার সেই ধারাকে ভাঙতে মরিয়া। প্রধান কোচ মাহেলা জয়বর্ধনের কথাতেই তা স্পষ্ট, ‘আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। প্রতি ম্যাচের জন্যই আমরা একইভাবে প্রস্তুতি নিই। এই ধারাকে ভাঙার জন্য আলাদা কিছু করার প্রশ্ন নেই। আমাদের শুধু সেরাটা দিতে হবে।’
এদিকে, মাথিশা পাথিরানাকে নিয়ে অনিশ্চয়তা কাটতে চলেছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাঁকে ‘নো অবজেকশন’ দেওয়ার পথে। যা আভাস, তাতে এপ্রিলের প্রথম সপ্তাহে নাইট রাইডার্স শিবিরে যোগ দেবেন তিনি। ওয়াটসন বলেছেন, ‘পাথিরানার জন্য অপেক্ষায় রয়েছি আমরা। শ্রীলঙ্কা বোর্ডের সবুজ সংকেত পাওয়ার আশা করছি। সেক্ষেত্রে শীঘ্রই ও যোগ দেবে দলের সঙ্গে।’ হর্ষিত রানা, আকাশ দীপদের চোটের কারণে এমনিতেই চাপে নাইটরা। নিলামে ১৮ কোটি টাকায় নেওয়া শ্রীলঙ্কান পেসারকে পেলে ধার বাড়বে পেস আক্রমণের। নাইট শিবিরের সহকারী কোচ হিসেবে দায়িত্ব উপভোগ করছেন ওয়াটসন। তাঁর কথায়, ‘কেকেআর দারুণ সফল ফ্র্যাঞ্চাইজি। আমার কাছে এটা দুর্দান্ত সুযোগ।’