


লিসবন: বয়স ৪১। তবুও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ঘিরে মানুষের আগ্রহের শেষ নেই। সম্প্রতি পর্তুগিজ মহাতারকার এক বিরল কার্ড প্রায় ১৩ কোটি টাকায় (ভারতীয় মুদ্রায়) বিক্রি হয়েছে। ২০১৮ সালে জুভেন্তাসে থাকাকালীন সিআরসেভেনের নামে একটি ‘২০১৮ পানিনি কাবুম গ্রিন১অব১ ’ ট্রেডিং কার্ড বানানো হয়েছিল। কমিক বইয়ের চমৎকার শিল্পশৈলীর কারণে ক্রীড়াসংগ্রাহকদের কাছে এই কার্ড খুবই জনপ্রিয় ও মূল্যবান হিসেবে বিবেচিত হয়।
আল নাসেরের হয়ে প্রথমবার সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন হওয়ার খুশিতে এখন ভাসছেন রোনাল্ডো। তারমধ্যেই চড়া দামে কার্ড বিক্রির খবর এল। আসন্ন বিশ্বকাপেও খেলবেন সিআরসেভেন। দীর্ঘ কেরিয়ারে তিনি বহু ট্রফি জিতেছেন। ক্যাবিনেটে নেই শুধু বিশ্বকাপ। তাই এই অধরা মাধুরী লাভ করতে এবার জান লড়িয়ে দেবেন পর্তুগালের মহাতারকা। মেগা আসরে আগামী ১৭ জুন অভিযান শুরু করছে তাঁর দল।