


নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: হোটেলে অগ্নিকাণ্ডের জের। কৌশিকী অমাবস্যার আগে তারাপীঠের হোটেলগুলিতে শেষ করা হবে ‘সেফটি অডিট’। খতিয়ে দেখা হবে সেগুলির যাবতীয় সুরক্ষা ব্যবস্থা। মঙ্গলবার একথা জানিয়েছেন রাজ্যের দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। তিনি বলেন, ‘আমরা তারাপীঠের হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, সংশ্লিষ্ট জেলা পুলিশ প্রশাসন, পিডব্লুডি, স্বাস্থ্য, বিদ্যুৎ বন্টন সহ বিভিন্ন দপ্তরের সঙ্গে একটি সমন্বয় বৈঠক করেছি। সেখানেই সিদ্ধান্ত হয়েছে আগামী মাসে কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সমস্ত হোটেলের সেফটি অডিট করা হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট এলাকার দমকল কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের বিষয়টিও আমরা বিবেচনা করছি।
সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ তারাপীঠ থানার পাশে অবস্থিত একটি পাঁচতলা হোটেলে আগুন লাগে। ভয়াবহ ঘটনায় মৃত্যু হয় ন’জনের। জখম আরো বেশ কয়েকজন। গোটা ঘটনায় তারাপীঠের ওই হোটেলের চরম গাফিলতি প্রকাশ্যে আসে। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। রাজ্যের দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী নিজেই ঘটনাস্থলে পৌঁছন। সরেজমিনে ঘুরে দেখেন। এরপরই ওই জেলার জেলাশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করেন বলে জানা গিয়েছে।