


বিয়ে করলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ‘ফ্যামিলি ম্যান’ খ্যাত পরিচালক জুটি রাজ-ডিকের রাজ নিদিমোরুর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন নায়িকা। সোমবার কোয়েম্বাটুরের লিঙ্গ ভৈরবী মন্দিরে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। সেখানেই হয় আংটি বদল, সিঁদুর দান, মালাবদল সহ একাধিক আচার অনুষ্ঠান। পরিবার-পরিজনদের নিয়ে ছিমছাম বিয়ের অনুষ্ঠান সেরেছেন তাঁরা। লাল বেনারসি, সোনার গয়নায় সেজেছিলেন নববধূ। তাঁর হাতের মেহেন্দির সাজ নজর কেড়েছে। রাজের পরনে ছিল সাদা পাঞ্জাবি, আইভরি রঙের কোট। এদিন নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সহকর্মীরা। দীর্ঘদিন ধরে সামান্থা ও রাজের প্রেমের জল্পনা চলছিল। শোনা যায়, ‘ফ্যামিলি ম্যান’ সিরিজের দ্বিতীয় সিজনের শ্যুটিং চলাকালীনই তাঁদের বন্ধুত্বের সূত্রপাত। তারপর ধীরে ধীরে প্রেম। একাধিক অনুষ্ঠানে দু’জনকে একসঙ্গে দেখা যেতেই জল্পনা শুরু হয়। পাত্তা দেননি কেউই। প্রকাশ্যে মুখ খোলেননি এ বিষয়েও। অবশেষে বিয়ে করে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সামান্থা নিজেই। রাজ ও সামান্থার দু’জনেরই দ্বিতীয় বিয়ে এটি। এর আগে সামান্থা অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে মালাবদল করেছিলেন। সেই সম্পর্ক ভাঙার পর নাগা বিয়ে করেছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে। অন্যদিকে, রাজ এর আগে সম্পর্কে ছিলেন শ্যামলী দে’র সঙ্গে। তিনি সম্প্রতি সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন, ‘বেপরোয়া লোকজন বেপরোয়া কাজই করে।’ এই ইঙ্গিত কি রাজ ও সামান্থার বিয়ের দিকেই? সেই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে চারিদিকে।