


দামাস্কাস: সোমবার সিরিয়া সফরে পৌঁছেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। তার পরদিন মঙ্গলবার সকালে জোড়া বিস্ফোরণে কাঁপল সিরিয়ার রাজধানী দামাস্কাস। ম্যাক্রঁর হোটেল থেকে সামান্য দূরে এই বিস্ফোরণ হয়। সেজন্য এই ঘটনার নেপথ্যে বড়োসড়ো চক্রান্তের আশঙ্কা করা হচ্ছে। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, ঘটনায় অন্তত ১৮ জন আহত। প্রাণহানির কোনো খবর নেই।
সিরিয়ার সরকারি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ঘটনার সময় ম্যাক্রঁ প্রেসিডেন্ট প্রাসাদে ছিলেন। সেখানে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক চলছিল তাঁর। সেই সময় ফোর সিজনস হোটেলের কাছে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। ওই হোটেলেই ফরাসি প্রেসিডেন্ট সোমবার রাত কাটিয়েছিলেন। ফরাসি প্রেসিডেন্টের দপ্তরের এক আধিকারিক জানান, ম্যাক্রঁ সম্পূর্ণ নিরাপদ রয়েছেন। আল-শারার সঙ্গে তাঁর বৈঠক নির্ধারিত সূচি অনুযায়ী চলেছে। স্বয়ং ম্যাক্রঁ সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, সিরিয়া সফরে এসে তিনি আপ্লুত। আল-শারা ক্ষমতায় আসার পর এটাই প্রথম কোনো প্রভাবশালী ইউরোপীয় রাষ্ট্রনেতা সিরিয়া সফর। ম্যাক্রঁর সফরকালে দুই দেশের মধ্যে একাধিক মউ স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এরইমাঝে ফরাসি প্রেসিডেন্টের হোটেলের সামনে বিস্ফোরণ আলোড়ন ফেলে দিয়েছে। হামলার দায় কোনো জঙ্গি সংগঠন স্বীকার করেনি। উল্লেখ্য, কয়েক দিন আগেই দামাস্কাসের জাস্টিস প্যালেসের কাছে একটি কাফেতে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত এবং ২০ জনের বেশি আহত হয়। নতুন সরকারের আমলে দেশের বিভিন্ন অংশে বিচ্ছিন্ন হিংসার ঘটনা ঘটলেও রাজধানী দামাস্কাস তুলনামূলকভাবে শান্ত ছিল।